বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় এক মাসের ব্যবধানে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে চলমান আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ওই সভা শেষে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন।
শিক্ষার্থীরা জানান, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করেছেন। তবে চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও টেকসই কোনো সমাধান পাওয়া যায়নি। ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে কমপ্লিট শাটডাউন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলোচনা সভা শেষে রাত ২টায় বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাস ধরে চুয়েটে চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছেন। কিন্তু সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিক্রমে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।
এদিকে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য ইস্যুতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে এবং সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন শুরু করেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচিতে যোগ দিলে টানা ৩৬ দিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে।
টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে পরীক্ষা স্থগিত ছিল। পরে ১৫ নভেম্বর ৫৫ দিন পর ছয় বিভাগের ছয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যাতে প্রায় ৫৫০ জন শিক্ষার্থী অংশ নেন। তবে ওই পরীক্ষাগুলো অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে স্বীকৃতি না দিয়েই অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
এর আগে গত ১২ অক্টোবর অধ্যাপক শরীফুল আলম প্রশাসনিক ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করলে উত্তেজনা চরমে ওঠে। আন্দোলনকারী শিক্ষার্থীরা ভবনটি বাইরে থেকে তালাবদ্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে ২৪ ঘণ্টারও বেশি সময় উপাচার্য কার্যালয়ে অবরুদ্ধ থাকেন। পরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তিনি উদ্ধার হন। এরপর গত ১৮ অক্টোবর অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ছয় সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করে।
এদিকে গত ২৩ নভেম্বর চুয়েট শিক্ষক সমিতির একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকের ফলাফল সাধারণ সদস্যদের জানাতে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করতে গত ২৫ নভেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। একই দিন শিক্ষার্থীরা অর্ধদিবস শাটডাউন পালন করেন এবং স্থাপত্য ভবনের সামনে জড়ো হয়ে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, কার্যকর প্রশাসন না থাকায় ল্যাবরেটরির প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা যাচ্ছে না, জ্বালানি বিল বকেয়া থাকায় পরিবহন পুলের জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং বিভিন্ন প্রকল্পে কর্মরত গবেষণা সহকারীরা গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। এই পরিস্থিতিতে স্থায়ী সমাধান না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।
ডেস্ক রিপোর্ট: উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মূল্যায়ন নিয়ে কাজ করা শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) আগামী ৩০ নভেম্বর ঢাকায় আয়োজন করতে যাচ্ছে ‘স্টাডি অ্যাব্রোড ম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের সময়সীমা তিন দিন বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময়সীমা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ২০২৬ রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা ১৮ থেকে ১০টা ২ ...
সব মন্তব্য
No Comments