আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা ও কথিত অন্যায্য বাণিজ্য চর্চা মোকাবিলার কথা বলে বাংলাদেশসহ ১৪টি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে। বুধবার (২৫ নভেম্বর) মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এই শুল্কের ঘোষণা দেয়।
নতুন এই শুল্ক প্রস্তাবে বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্কের সীমা নির্ধারণের কথা বলা হয়েছে। একই হার প্রস্তাব করা হয়েছে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ক্ষেত্রেও। তবে বিদ্যমান বাণিজ্য চুক্তি ও আগের শুল্ক কাঠামোর কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যে প্রকৃত শুল্কের বোঝা ঠিক কতটা বাড়বে, সেটি এখনও পরিষ্কার নয়। ইউএসটিআর জানিয়েছে, প্রস্তাবিত শুল্ক নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে ছাড়সহ আসবে এবং এটি কার্যকর করার আগে জনমত গ্রহণ ও শুনানি হবে। ফলে এটি কার্যকর হতে আগামী জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় আট মাস ধরে চলা তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই তদন্তে ১৬টি বাণিজ্য অংশীদারকে অন্তর্ভুক্ত করা হলেও আপাতত মেক্সিকো ও নরওয়েকে নতুন শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে। শুল্কের আওতায় থাকা ১৪টি অর্থনীতি হলো বাংলাদেশ, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান ও ভারত। এর মধ্যে চীনের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ, ভারতের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ এবং ভিয়েতনামের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ সম্পর্কে ইউএসটিআরের মূল্যায়নে পাঁচটি ক্ষেত্রে উদ্বেগের কথা বলা হয়েছে। সেগুলো হলো উৎপাদন খাত ধরে রাখা ও সম্প্রসারণে শিল্প পরিকল্পনা, উৎপাদন ও রপ্তানি বাড়াতে উৎপাদন প্রণোদনা, অপর্যাপ্ত শ্রম সুরক্ষা, আর্থিক দমনমূলক নীতি এবং বৈশ্বিক অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন মোকাবিলায় ব্যর্থতা, যার মধ্যে বাজারবহির্ভূত অর্থনীতি থেকে আমদানি ও বিদেশি সরাসরি বিনিয়োগের বিষয়টিও রয়েছে। ইউএসটিআর বলেছে, এসব নীতি ও চর্চা অযৌক্তিক এবং তা মার্কিন বাণিজ্যের ওপর বোঝা সৃষ্টি করছে কিংবা বাণিজ্যকে সীমিত করছে। এসব চর্চা বিশেষভাবে তৈরি পোশাক ও অ্যাপারেল খাতকে প্রভাবিত করেছে। এতে বাংলাদেশ ও তৃতীয় দেশের বাজারে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের বাণিজ্যিক সুযোগ কমেছে, মার্কিন উৎপাদন খাতে উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগে ক্ষতি হয়েছে এবং বাজারবহির্ভূত অর্থনীতি থেকে উপকরণের ওপর নির্ভরতার কারণে মার্কিন অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলে দাবি করেছে ইউএসটিআর।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নতুন শুল্ক ট্রাম্প প্রশাসনের সঙ্গে করা বাণিজ্য চুক্তিতে নির্ধারিত শুল্কের সীমা অতিক্রম করবে না। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সঙ্গে করা চুক্তিতে ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার সঙ্গে করা চুক্তিতে ১৯ শতাংশের সীমা বহাল থাকবে। এ ছাড়া জুলাই মাসে জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে আরোপ করা ১০ শতাংশ বা সাড়ে ১২ শতাংশ শুল্কের ওপর নতুন শুল্ক যোগ হবে না। ওই জুলাইয়ের শুল্কের আওতায় বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, যা ২৪ জুলাই থেকে কার্যকর হয়। সবচেয়ে বেশি পছন্দের দেশ বা এমএফএন শুল্কহার ১৫ দশমিক ৬২ শতাংশসহ অনেক বাংলাদেশি পোশাক রপ্তানিতে মোট শুল্ক দাঁড়িয়েছিল ২৫ দশমিক ৬২ শতাংশ। তবে নতুন প্রস্তাবটি পৃথক তদন্ত থেকে এসেছে বলে জানিয়েছে ইউএসটিআর।
এদিকে, এই ঘোষণার পর বিশ্ব শেয়ারবাজারে প্রভাব পড়েছে এবং বুধবার বিশ্বজুড়ে শেয়ারের সূচক প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে বলে জানা গেছে। চীন অতিরিক্ত সক্ষমতার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তথাকথিত অতিরিক্ত সক্ষমতা একটি ভুয়া বিষয় এবং একে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধিতা করে তারা। অন্যদিকে, মার্কিন প্রশাসন বলছে, জি৭, জি২০ ও বিশ্ব বাণিজ্য সংস্থাসহ আন্তর্জাতিক ফোরামে আগের আহ্বানেও পরিবর্তন না আসায় তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। আগামী ডিসেম্বরে মায়ামিতে জি২০ শীর্ষ সম্মেলনে আরও বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার রিয়াদের আকাশচুম্বী ওই ভবনে হামলার ঘটনা ঘটে বলে দ ...
রফিকুল ইসলাম সুজন: তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) বড় কোনো নতুন চুক্তি ছাড়াই শেষ হয়েছে। জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে গভীর মতবিরোধের কারণে ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর বেনগাজির বন্দরে নোঙর করা একটি রুশ যুদ্ধজাহাজে সামুদ্রিক ড্রোন হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) ভোরে ঘটে ...
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টানদের ছাড়িয়ে অনুসারীর সংখ্যার দিক থেকে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত ধর্মভিত্তিক জনসংখ্যার ...
সব মন্তব্য
No Comments