রিয়াদের আকাশচুম্বী টাওয়ারে হুথিদের হামলায় অন্তত ১১ জন আহত

প্রকাশ : 24 Nov 2026
রিয়াদের আকাশচুম্বী টাওয়ারে হুথিদের হামলায় অন্তত ১১ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার রিয়াদের আকাশচুম্বী ওই ভবনে হামলার ঘটনা ঘটে বলে দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে। 


দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হুথি মিলিশিয়ারা। টাওয়ারে হুথিদের হামলার পরপরই রিয়াদের জরুরি সেবা বিভাগের কর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এই হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।


আহতদের মধ্যে ২ জন সৌদি নাগরিক, ২ জন ভারতীয় নাগরিক, ৩ জন নেপালি নাগরিক এবং ৪ জন মিসরীয় নাগরিক রয়েছেন বলে সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন। অর্থাৎ আহত ১১ জনের মধ্যে ২ জন সৌদি এবং ৯ জন বিদেশি নাগরিক। 


আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেসামরিক মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করে বলেছেন, হামলাটি কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টকে লক্ষ্য করে চালানো হয়েছে এবং কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। 


এই হামলা এক সপ্তাহের মধ্যে রিয়াদের আর্থিক জেলায় দ্বিতীয় হামলা। এর আগে গত বৃহস্পতিবার রিয়াদের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ারে হামলা হয়েছিল, যা সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর এবং দেশটির সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন। ওই হামলায় ভবনটির ‘বস্তুগত ক্ষতি’ হয়েছিল। 


বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, মঙ্গলবারের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবনটি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো আঘাতপ্রাপ্ত হয়েছে। সৌদি সিভিল ডিফেন্স আহতদের তথ্য জানিয়ে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দপ্তর থাকা ওই ল্যান্ডমার্ক টাওয়ারের একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে ভবনটির সম্মুখভাগের মাঝামাঝি অংশে কিছু ক্ষতি দেখা গেছে, যা ১৯ নভেম্বরের হামলার ক্ষতের মতোই। ১৯ নভেম্বরের হামলায় ক্ষতি হলেও কেউ আহত হননি। 


সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের আর্থিক জেলার একটি আকাশচুম্বী ভবন ‘সন্ত্রাসী হামলার’ লক্ষ্যবস্তু হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। সৌদি সিভিল ডিফেন্স মঙ্গলবারের হামলায় কোন ভবন আঘাতপ্রাপ্ত হয়েছে, তার নাম জানায়নি। তবে তিনজন প্রত্যক্ষদর্শী বলেছেন, হামলাটি পিআইএফ টাওয়ারকে লক্ষ্য করে চালানো হয়েছে। একজন চতুর্থ প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, স্পিকার লাগানো একটি গাড়ি এলাকার পথচারীদের আশ্রয় নিতে সতর্ক করছিল। 


রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইয়েমেনের স্থবির গৃহযুদ্ধ জুলাই মাসে নতুন করে শুরু হওয়ার পর থেকে হুথিরা সৌদি বিমানবন্দর, তেল অবকাঠামো ও অফিস ভবনে হামলা চালিয়ে আসছে। এই হামলার কারণে রিয়াদে বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে এবং এএফসি এশিয়ান কাপসহ বড় বড় আন্তর্জাতিক আয়োজন স্থগিত বা বাতিল করতে বাধ্য হয়েছে সৌদি আরব। 


সম্পর্কিত খবর

;