হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু

প্রকাশ : 24 Nov 2026
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু


ডেস্ক রিপোর্ট: হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫১ জন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে ৯ জনের মৃত্যু হয়েছে, তাদের সবাই হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।


গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন রয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৮ জনের। তাদের মধ্যে ঢাকায় ৪৩ জন এবং সিলেটে ২৫ জন রয়েছেন।


গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২০৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১৩৯ জন।


অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২৫৬ জন।


একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩০০ জন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।


এর আগে সোমবার (২৩ নভেম্বর) হাম বা উপসর্গে সারা দেশে কারও মৃত্যু হয়নি। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৭ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ছিল ৯৬ জন এবং সন্দেহজনক হাম রোগী ১ হাজার ৩২১ জন।

সম্পর্কিত খবর

;