স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি, শুরু ২৯ নভেম্বর

প্রকাশ : 24 Nov 2026
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি, শুরু ২৯ নভেম্বর

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছে ৫৫টি রাজনৈতিক দলকে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। প্রথম দিন ১৯, দ্বিতীয় দিন ১৮ এবং শেষ দিন ১ ডিসেম্বর আরও ১৮টি দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।


ইসি সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, সেসব দলকে এবারের মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হচ্ছে। পাশাপাশি নতুন করে নিবন্ধন পাওয়া চারটি রাজনৈতিক দলকেও সংলাপে ডাকা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর মতামত ও সহযোগিতা নিতেই এই উদ্যোগ।


নির্বাচন কমিশন সচিবালয়ের প্রস্তুত করা তালিকা অনুযায়ী, প্রথম দিনের ১৯ দলের মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিএনপি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।


দ্বিতীয় দিনের ১৮ দলের মধ্যে রয়েছে গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস ও তৃণমূল বিএনপি।


শেষ দিন ১ ডিসেম্বর আরও ১৮টি দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। দলগুলো হলো, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।


ইসি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এটি ছাড়া বর্তমানে কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। তবে একাদশ ও দ্বাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে।


ইসি সচিব আখতার আহমেদ জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে।


অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাদা বৈঠকও করবে কমিশন।


ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে ৫০৮টি উপজেলায় মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।


ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে, ভোটের প্রায় ৪৫ দিন আগে ঘোষণা করা হতে পারে।


এবারের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। গত ১২ অক্টোবর নিজেদের বৈঠকে নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি ভোটের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল। ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন।


সম্পর্কিত খবর

;