পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫

প্রকাশ : 23 Nov 2026
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫

রাজশাহী অফিস:  পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচির সময় দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে মাজদিয়া রঙ্গিলা মোড় এলাকায় মিছিল চলাকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। 


গুলিবিদ্ধরা হলেন— সাঁড়া ইউনিয়নের পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে নাজমুল হাসান রিশাদ, শৈলপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ইসলাম এবং তছেরপাড়া এলাকার মহিদুল ইসলাম মাহিদ। নাজমুল হাসান রিশাদ ঈশ্বরদী পৌর ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক বলে জানা গেছে। 


স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 


আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন মিছিলে অতর্কিত হামলা চালিয়ে গুলি করেন। প্রত্যক্ষদর্শীরাও মুখে কালো কাপড় বাঁধা একদল দুর্বৃত্তের হামলা ও গুলি চালানোর কথা জানিয়েছেন। 


উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান দাবি করেন, বিক্ষোভের প্রস্তুতির সময় স্থানীয় কয়েকজনের সহযোগিতায় একদল সন্ত্রাসী স্পিডবোটে নদীর ঘাটে এসে ছাত্রদল নেতাকর্মীদের জমায়েতের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। তিনি এ ঘটনায় মামলা করার কথা জানিয়ে গুলিবর্ষণকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 


অন্যদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, পদ্মা নদীর বালুমহালের আধিপত্য বিস্তার ও স্থানীয় রাজনৈতিক বিরোধের সূত্র ধরে দীর্ঘদিন ধরে সাঁড়া, রূপপুর, লক্ষীকুন্ডাসহ নদীপাড়ের এলাকায় বিএনপির একাংশের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত কাকন বাহিনীর বিরোধ চলে আসছে। এই গুলির ঘটনা সেই বিরোধেরই অংশ বলে মনে করছেন স্থানীয়রা। এর আগে বেশ কয়েকবার বন্দুকযুদ্ধ, গোলাগুলি ও হামলা-পাল্টা হামলায় আহত ও নিহতের ঘটনাও ঘটেছে। 


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


পাবনা জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন বলেন, ঘটনাটি জানতে পেরেছি। বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। যেই জড়িত থাকুক, প্রশাসনের প্রতি আহ্বান দোষীদের অতিদ্রুত গ্রেপ্তার করুন। 


সম্পর্কিত খবর

;