প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

প্রকাশ : 23 Nov 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, দুপুর ১টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়। এনসিপি নেতারা দুপুর ১টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপি নেতৃবৃন্দ।


দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার কারণে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে চার সদস্য বিশিষ্ট এনসিপি প্রতিনিধিদল।


প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অন্য সদস্যরা হলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। এর আগে রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন নাহিদ ইসলাম।


বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপের অংশ হিসেবে এই বৈঠক করেন প্রধানমন্ত্রী। এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ওই বৈঠকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার বিষয়ে একমত হন দুই নেতা।


বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদের ৩৫ মিনিট আলোচনা হয়। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি, সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে।


নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে সব শক্তিকে এক জায়গায় আসার আহ্বান জানিয়েছেন। এনসিপির পক্ষ থেকে এর সঙ্গে রাষ্ট্র সংস্কারের বিষয়টি যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।


তিনি বলেন, সরকারপ্রধান ঐক্যের আহ্বান জানিয়েছেন। কী কী হলে এই ঐক্যটা আরও সুদৃঢ় হবে এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে থাকা সব শক্তিকে একটা জায়গায় এনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, তার একটা ভিত্তি ও রোডম্যাপ প্রস্তুত করা উচিত, সেটি আমরা বলেছি। এটা শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না।


নাহিদ ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের বিষয় ভবিষ্যতে কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চেয়েছে এনসিপি।


তিনি বলেন, কিছুদিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি, জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হওয়া, আওয়ামী লীগের সন্ত্রাস-অগ্নিসংযোগ ঘটছে। কীভাবে দেশের এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো সম্ভব, একটা রাজনৈতিক ঐক্য সম্ভব কি না, এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর জায়গা থেকে বর্তমান উদ্বেগগুলো ব্যক্ত করেছেন এবং ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান করেছেন।


নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি একদিনে হয়নি। নির্বাচনের পর থেকে গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার ফলে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে। যেকোনো ধরনের ঐক্যের প্রশ্নে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। এই ঐক্যপ্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডাভুক্ত করার আহ্বান জানিয়েছে এনসিপি।


তিনি আরও জানান, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছে এনসিপি। বিচারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়িয়ে জেলা পর্যায়সহ বিভিন্ন জায়গায় হওয়া মামলাগুলোর তদন্ত করে অভিযোগপত্র দেওয়া ইত্যাদি আইনি প্রক্রিয়া যাতে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়, জুলাইয়ের ভুক্তভোগীরা যাতে ন্যায়বিচার পান, সে বিষয়ে বলা হয়েছে।


সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবির বিষয়ে প্রধানমন্ত্রী কী বলেছেন, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আমরা চেয়েছি, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ওনারা বলছেন, ওনারা এগুলো বিবেচনা করবেন।


নাহিদ ইসলাম জানান, নতুন করে গঙ্গার পানিবণ্টন চুক্তি করার বিষয়ে ভারতকে খুবই কঠোরভাবে বার্তা দিতে সরকারপ্রধানকে আহ্বান জানিয়েছে এনসিপি। পানির ন্যায্য হিস্যা আদায়ে আলোচনায় সরকার যাতে কোনো আপস না করে, সেটি বলা হয়েছে। শহীদ ওসমান হাদির খুনি ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার কথাও বলা হয়েছে। জুলাই যোদ্ধাদের যাতে রাজনৈতিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেটার জন্য প্রশাসনকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দিতে বলা হয়েছে।


সম্পর্কিত খবর

;