বড় কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ-৩১

প্রকাশ : 23 Nov 2026
বড় কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ-৩১

রফিকুল ইসলাম সুজন: তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) বড় কোনো নতুন চুক্তি ছাড়াই শেষ হয়েছে। জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে গভীর মতবিরোধের কারণে অংশগ্রহণকারী দেশগুলো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।


সম্মেলনটি ৯ নভেম্বর শুরু হয়ে ২০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলে ২২ নভেম্বর রোববার পর্যন্ত। এর মধ্য দিয়ে জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ জলবায়ু সম্মেলনে পরিণত হয়েছে এবারের আয়োজন। প্রায় ৫০ ঘণ্টা অতিরিক্ত সময় ধরে আলোচনা চলার পরও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।


সম্মেলনে মূলত দুটি বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়। প্রথমটি হলো চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ রাখা হবে কি না, দ্বিতীয়টি হলো উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অভিযোজন ও অর্থায়ন। সৌদি আরব, রাশিয়া, ভারতসহ কয়েকটি দেশ চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ রাখার বিরোধিতা করে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, পানামা, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোসহ কয়েকটি পক্ষ জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় চূড়ান্ত খসড়াটি প্রত্যাখ্যান করে।


গত সোমবার প্রকাশিত প্রথম খসড়ায় ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দবন্ধটি ছয়বার উল্লেখ করা হয়েছিল। তবে তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তির পর শেষ পর্যন্ত চূড়ান্ত খসড়ায় ‘জীবাশ্ম জ্বালানি’র কোনো উল্লেখই রাখা হয়নি। কয়লা, তেল ও গ্যাসের বিষয়ে শুধু ২০২৩ সালের কপ-২৮ সম্মেলনে গৃহীত একটি সিদ্ধান্তের পরোক্ষ উল্লেখ ছিল। এই খসড়াটির নাম দেওয়া হয়েছিল ‘আন্তালিয়া প্যাক্ট’। এতে ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য পুনর্ব্যক্ত করা হলেও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রয়োজনীয়তার কথা স্পষ্টভাবে বলা হয়নি।


ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে সম্মেলনে অংশ নেওয়া আয়ারল্যান্ডের মন্ত্রী ডারা ও’ব্রায়েন চূড়ান্ত খসড়ার বিরোধিতা করেন। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ নেই, এমন জলবায়ু চুক্তি মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।


এভাবে কপ সম্মেলনের মূল রাজনৈতিক সমঝোতা ভেস্তে যাওয়ার ঘটনা সর্বশেষ ঘটেছিল ২০০৯ সালে, ডেনমার্কের কোপেনহেগেনে। ১৯৯৫ সাল থেকে শুরু হওয়া কপ সম্মেলনের ইতিহাসে এটি মাত্র তৃতীয়বারের মতো মূল সিদ্ধান্ত ছাড়া শেষ হলো।


জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন। জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব ছাড়ার আগে এটিই তাঁর শেষ কপ সম্মেলন। তিনি বলেন, কপ-৩১ সার্বিক ফলাফলের বিষয়ে ঐকমত্য ছাড়াই শেষ হওয়ায় আমি গভীরভাবে হতাশ। যারা আশা করেছিলেন সরকারগুলো জলবায়ু সংকটের দাবি অনুযায়ী উঠে দাঁড়াবে, তাদের গভীর হতাশা আমি ভাগ করে নিচ্ছি।


গুতেরেস জীবাশ্ম জ্বালানি-সংশ্লিষ্ট প্রভাবশালী মহলের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, এসব মহল বড় তামাক কোম্পানিগুলোর কৌশল অনুসরণ করছে। তারা বিজ্ঞানের তথ্য বিকৃত করছে, নীতিনির্ধারণে বিলম্ব ঘটাচ্ছে, কার্যকর পদক্ষেপে বাধা দিচ্ছে। বিপুল মুনাফা করছে এসব গোষ্ঠী, অথচ এর মূল্য দিতে হচ্ছে সারা বিশ্বের সাধারণ মানুষকে।


সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ আইয়ুব তাঁদের অবস্থানের পক্ষে যুক্তি দেন। তিনি বলেন, ঐতিহাসিকভাবে গ্রিনহাউস গ্যাসের মোট নিঃসরণে আরব দেশগুলোর অবদান সামান্য।


আফ্রিকান দেশগুলোর আলোচকগোষ্ঠীর চেয়ারম্যান বলেছেন, জীবাশ্ম জ্বালানি নিয়ে বিতর্কের কারণে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের অর্থায়নের বিষয়টি আলোচনায় গুরুত্ব হারিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে দরিদ্র দেশগুলোর এই অর্থ প্রয়োজন।


কপ-৩১-এর সভাপতি ছিলেন তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুরাত কুরুম এবং আলোচনার সভাপতি ছিলেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ক্রিস বোয়েন। সমাপনী অধিবেশনে মুরাত কুরুম জানান, সর্বসম্মত সিদ্ধান্তের জন্য প্রয়োজনীয় ঐকমত্য না থাকায় সিদ্ধান্তপত্র গৃহীত হয়নি।


তবে আয়োজকরা জানিয়েছেন, মূল সিদ্ধান্ত না হলেও ছোট কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। ২০২৬ সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছরগুলোর একটি হতে যাচ্ছে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন। এমন প্রেক্ষাপটে কপ-৩১-এর ব্যর্থতা জলবায়ু কূটনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।


সম্পর্কিত খবর

;