পেরুতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রকাশ : 21 Nov 2026
পেরুতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ ও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূ-কম্পনটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। শুক্রবার, ২০ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়।


ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল আন্দিজ পর্বতমালায় জুনিন শহর থেকে ৩৪ কিলোমিটার উত্তরে এবং এর গভীরতা ছিল ১০৮ কিলোমিটার। তবে প্রাথমিক প্রতিবেদনে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু ইউএসজিএসের বরাত দিয়ে জানিয়েছিল, উপকেন্দ্র ছিল জুনিন অঞ্চলের ওন্দোরেস থেকে ২২ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে এবং গভীরতা ছিল প্রায় ১৪২ দশমিক ১ কিলোমিটার। পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট (আইজিপি) আবার গভীরতা ১২৯ কিলোমিটার বলে জানিয়েছে। জার্মান গবেষণা কেন্দ্র জিএফজেড প্রাথমিকভাবে মাত্রা ৬ দশমিক ৮ বলে উল্লেখ করেছিল। প্রাথমিক পরিমাপে এমন পার্থক্য সাধারণত দেখা যায় বলে সংশ্লিষ্ট সংস্থাগুলো জানায়।


ভূমিকম্পটি রাজধানী লিমাসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়। কম্পন শুরু হতেই লিমার বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। একটি টেলিভিশন সম্প্রচারে দেখা গেছে, কম্পনের সময় পেরুর কংগ্রেস থেকে আইনপ্রণেতারাও বেরিয়ে আসেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও মানুষকে রাস্তায় ছোটাছুটি করতে দেখা গেছে।


পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির জাতীয় জরুরি কেন্দ্র কোয়েন ও বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ইনডেসি আঞ্চলিক দলগুলোকে মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের জন্য পাঠিয়েছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানা গেছে।


ইউএস ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, নজরদারি বা ঝুঁকির ঘোষণা দেওয়া হয়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় ভূপৃষ্ঠে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পরবর্তী কম্পন বা আফটারশকের বিষয়ে কর্তৃপক্ষ নজর রাখছে।


সম্পর্কিত খবর

;