বৈশাখী টেলিভিশন কার্যালয়ে হট্টগোল, পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম মিলন

প্রকাশ : 21 Nov 2026
বৈশাখী টেলিভিশন কার্যালয়ে হট্টগোল, পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম মিলন

স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে শনিবার (২১ নভেম্বর) বিকেলে হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বনানী থানা পুলিশ। 


বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, টিপু আলম মিলন টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাকে ঘিরে রাখে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। তিনি আরও বলেন, টিপু আলম মিলনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। কোতোয়ালি থানার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে আলোচনা চলছে। 


ঘটনার সূত্রপাত নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। বৈশাখী টেলিভিশনে কর্মরত একজনের বরাত দিয়ে জানা গেছে, অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধান এইচ এম নাহিয়ানকে চাকরি ছেড়ে দিতে বলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। নাহিয়ান বলেন, একটি ফটোকার্ড প্রচার নিয়ে ডিএমডির সঙ্গে তার বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তাকে চাকরি ছেড়ে দিতে বলা হয়। তিনি পাওনা বুঝিয়ে দেওয়ার কথা বললে তাকে মানবসম্পদ বিভাগে যেতে বলা হয়। তিনি আরও দাবি করেন, তিনি কাউকে ডেকে আনেননি এবং ডিএমডির কক্ষ থেকে মানবসম্পদ বিভাগের কক্ষে যাওয়ার অল্প সময়ের মধ্যেই ঘটনাটি ঘটে। 


অন্যদিকে বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু দাবি করেছেন, ডিএমডি টিপু অফিসে এসে বিএনপিমনা সাংবাদিকদের চাকরি ছেড়ে দিতে বলছেন, এমন খবর পেয়ে তারা কার্যালয়ের সামনে অবস্থান নেন। তার অভিযোগ, টিপুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলা ও দুদকের মামলা রয়েছে। তিনি আরও বলেন, তারা কোনো হামলা বা ভাঙচুর করেননি, বরং তাদের পাঁচজনকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। 


এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ছাদ থেকে লাইভ সম্প্রচার করা হয়। লাইভে একজন সাংবাদিক দাবি করেন, একদল লোক টেলিভিশনটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে তারা নিচে নামতে পারছেন না। 


লাইভে ওই সাংবাদিক আরও বলেন, আমরা বাধ্য হয়ে ছাদ থেকে লাইভ করার চেষ্টা করছি। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি। কোনোভাবে নিচে নামতে পারছি না। আমাদের একজন সহকর্মীকে আঘাত করা হয়েছে। তিনি আরও বলেন, হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন। লিফটও বন্ধ রয়েছে। এ অবস্থায় ভবনের ভেতরে আটকে পড়েছেন সাংবাদিক ও কর্মীরা। তাদের দুটি মোবাইল ও একটি ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। 


পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছেন বলেও লাইভে জানান তিনি। পরে বনানী থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। লাইভে পুলিশ সদস্যদের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। 


পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খানও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একটি মামলার আসামি রয়েছেন, এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। বিকেল পৌনে ৫টার দিকে টিপুকে বৈশাখী কার্যালয় থেকে বের করে নিয়ে যায় পুলিশ। 


এ ঘটনায় বৈশাখী টিভি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন বলেন, তিনি সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে আছেন। একটা ঝামেলা হয়েছে বলে শুনেছেন। বিস্তারিত তেমন কিছুই জানেন না। 



সম্পর্কিত খবর

;