দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আকভান, আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বভাস

প্রকাশ : 21 Nov 2026
দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আকভান, আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বভাস

স্টাফ রিপোর্টার: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আকভান উত্তর দিকে অগ্রসর হয়ে গতকাল শুক্রবার, ২০ নভেম্বর সকালে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়। এরপর আজ সকাল ৬টায় নিম্নচাপটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ, পরে লঘুচাপে পরিণত হয়ে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, আকভান শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ সময় অনুযায়ী উড়িষ্যা উপকূলের গোপালপুরে আঘাত হানে। তবে উপকূলে আঘাত হানার আগেই ঘূর্ণিঝড়টি অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। উপকূল অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, দমকা হাওয়ায় যা ৯০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। উড়িষ্যায় ভারী বৃষ্টি হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারি।


ঘূর্ণিঝড়টি বাংলাদেশে সরাসরি আঘাত হানেনি। তবে এর প্রভাবে গত কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুমিল্লায় ১০১ মিলিমিটার। এর আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল যশোরে ১৩৩ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, এর আগের দিন বৃষ্টি হয়েছিল ১৯ মিলিমিটার।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।


তবে আজ থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়টি এখন অনেকটাই দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে আছে। এর ফলে আজ দেশে বৃষ্টি অনেকটা কমে যেতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের মাঝামাঝি এলাকা, ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গা এবং উপকূলীয় অঞ্চলে বৃষ্টি আজও থাকতে পারে। রাজধানীতে আকাশ মেঘলা থাকলেও মাঝে মাঝে রোদের দেখা মিলতে পারে। আগামীকাল রোববার থেকে আবহাওয়ার আরও উন্নতি হতে পারে এবং সোমবার থেকে শুষ্ক আবহাওয়া শুরু হতে পারে।


আজ সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১৮ মিনিটে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।


সম্পর্কিত খবর

;