দেশে ফিরলেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

প্রকাশ : 24 Nov 2026
দেশে ফিরলেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে এবং তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে; এর কোনো ব্যত্যয় ঘটবে না। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 


প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, আমরা আগেও বলেছি, এখনও বলছি এবং ভবিষ্যতেও যখনই প্রশ্ন করা হবে, একই উত্তর দেওয়া হবে। এই ব্যক্তি বা অন্য কোনো দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরলে তাকে আসামি হিসেবেই বিবেচনা করা হবে। তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এর কোনো ব্যত্যয় হবে না। 


তিনি বলেন, বিদেশে পালিয়ে থাকা যেকোনো সাজাপ্রাপ্ত আসামির ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়, শেখ হাসিনার ক্ষেত্রেও সরকার একই প্রক্রিয়া অনুসরণ করবে। শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগ রয়েছে এবং তিনি দণ্ডিত হয়েছেন। বিদেশে পালিয়ে থাকা অন্য কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে অবস্থান ও দেশের আইন, তা শেখ হাসিনার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। 


১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং তাকে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য রাজনৈতিক পদক্ষেপের খবরকে ‘রাজনৈতিক স্টান্ট’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ১৬ বা ১৭ ডিসেম্বর আসুক, আসলে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে। এ ধরনের রাজনৈতিক বক্তব্য সারা দেশে অস্থিরতা তৈরি করছে এবং আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বিপদে ফেলছে। 


শুধু দেশের ভূখণ্ডেই নয়, বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেও শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। তিনি বলেন, বিদেশে বাংলাদেশের সব মিশনকে ‘বাংলাদেশের ভূখণ্ড’ হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনের যেকোনোটিতে হাসিনার উপস্থিতি ঘটলে তাকে গ্রেপ্তার করা হবে। দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। 


দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের হাসিনাকে গ্রেপ্তারের সক্ষমতা আছে কি না জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, হাসিনার অবস্থান এখনও অজানা। এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি প্রশ্ন করে বলেন, কে জানে তিনি কোথায় আছেন? কেউ জানে না। পালিয়ে যাওয়ার পর থেকে কি তার চেহারা দেখা গেছে? আমরা দেখিনি। তিনি কোথায় যান বা না যান, তা গুরুত্বপূর্ণ নয়। 


এ সময় হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান বা অন্য কোনো যান পাঠানোর বিষয়ে আলোচনা ও ব্যবস্থা নেওয়ার খবরও নাকচ করে দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা রিকশা পাঠানোর বিষয়ে কারও সঙ্গে কোনো আলোচনা করেনি বাংলাদেশ সরকার। বিষয়টি পরিষ্কার। 


এ বিষয়ে গণমাধ্যমের অপ্রয়োজনীয় মনোযোগ দেওয়ারও সমালোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বারবার এ নিয়ে আলোচনা করে সাংবাদিক, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সময় নষ্ট হচ্ছে। কোথাও লুকিয়ে থেকে কে কী বলছে, তা নিয়ে আলোচনা করা সবার সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়। 


জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গুম ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ভারতসহ বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনতে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া চালাচ্ছে সরকার। প্রতিমন্ত্রী বলেন, ওসমান হাদি হত্যাসহ জুলাই-আগস্টে হত্যা ও গুমের ঘটনায় জড়িত এবং হত্যার নির্দেশদাতা যারা ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছেন, তাদের সবাইকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে। কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে। 


যুক্তরাজ্যভিত্তিক একটি আইন সংস্থা হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছে, এমন খবরের বিষয়ে শামা বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে এসব নথি দিতে সরকার বাধ্য নয়। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানে স্পষ্ট বলা আছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা অন্য কোনো নথি দিতে সরকার বাধ্য নয়। এ ক্ষেত্রে সরকার কোনো ব্যতিক্রম করবে না। সংশ্লিষ্ট আইনি বিষয়গুলো আইন মন্ত্রণালয় দেখছে এবং আইনি প্রক্রিয়া নিজস্ব গতিতে চলবে। 


সম্পর্কিত খবর

;