বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান

প্রকাশ : 24 Nov 2026
বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান


বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সাহস, আত্মত্যাগ, শৃঙ্খলা ও পেশাদারত্বের অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী নয়, বরং জাতীয় উন্নয়ন, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায়ও এক নির্ভরযোগ্য অংশীদার।

বাংলাদেশের ৫৬তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে গতকাল নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রথম সমন্বিত অভিযানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রদূত আইরিন খান বলেন, তিন বাহিনীর সেই সম্মিলিত অভিযান বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে এক স্মরণীয় অধ্যায় হয়ে আছে।

তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতীয় সক্ষমতা ও সহনশীলতার অন্যতম ভিত্তি হিসেবে গড়ে উঠেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং অবকাঠামো উন্নয়নেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং পরিবেশে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় তাঁদের অবদান বাংলাদেশের শান্তি, মানবিকতা ও আন্তর্জাতিক সংহতির মূল্যবোধকে বিশ্বদরবারে তুলে ধরছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। এতে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, সামরিক উপদেষ্টা ও প্রতিরক্ষা অ্যাটাশেগণসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অতিথিদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত আইরিন খান জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।


সম্পর্কিত খবর

;