রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ সরবরাহ শুরু হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক বিজ্ঞপ্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট (গণমাধ্যম) সৈকত আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
প্রথম দফায় কী হয়েছিল
এর আগে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়।
প্রথম দফার পরীক্ষায় সংযোগের ২৯ মিনিট পর, বিকেল ৩টা ৪৫ মিনিটে উৎপাদন দাঁড়ায় ৩৫০ মেগাওয়াটে। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়। পর্যায়ক্রমে তা বাড়িয়ে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে উন্নীত করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দফার পরীক্ষা সফল হওয়ায় পরবর্তী ধাপের কারিগরি পরীক্ষা শুরু করা হয়েছে। গ্রিডে যুক্ত করার আগে জেনারেটর ও জাতীয় গ্রিডের ভোল্টেজ, কম্পাঙ্কসহ অন্যান্য বৈদ্যুতিক বৈশিষ্ট্যের সামঞ্জস্য নিশ্চিত করা হয়। এরপর উৎপাদন বাড়িয়ে কেন্দ্রের যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থার স্থিতিশীলতা পরীক্ষা করা হয়।
প্রথম দফার পরীক্ষায় উৎপাদিত বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা।
মন্ত্রীর বক্তব্য
প্রথমবার গ্রিডে যুক্ত হওয়ার পর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।
তিনি আরও বলেন, দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের অবস্থা তুলে ধরে মন্ত্রী বলেন, জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং ফলাফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে। পরবর্তী সময়ে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে তা কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে। পর্যায়ক্রমে তা বাড়িয়ে ৩৭৫ মেগাওয়াট করা হয়।
কীভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে
রূপপুরে রিয়্যাক্টরের ভেতরে নিয়ন্ত্রিত নিউক্লিয়ার ফিশন বা নিউক্লীয় বিভাজন বিক্রিয়ার মাধ্যমে তাপশক্তি উৎপন্ন হয়। সেই তাপে পানি থেকে বাষ্প তৈরি হয়, বাষ্পের শক্তিতে ঘোরে টারবাইন, আর টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটর থেকে উৎপাদিত হয় বিদ্যুৎ।
জেনারেটরে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে স্টেপ-আপ ট্রান্সফরমারের মাধ্যমে প্রায় ৪০০ কিলোভোল্টে উন্নীত করা হয়। গ্রিডে যুক্ত হওয়ার আগে ভোল্টেজ, কম্পাঙ্ক ও ফেজ জাতীয় গ্রিডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হয়। এই প্রক্রিয়াকে বলা হয় গ্রিড সিনক্রোনাইজেশন।
রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ প্রায় সাতটি সঞ্চালন লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়ে ঢাকা, বগুড়া, গোপালগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে।
সামনে কী
প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য যাচাই করা হবে। প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যাওয়ার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর প্রথম ইউনিটকে পুনরায় গ্রিডে যুক্ত করে পরীক্ষামূলক পরিচালনা বা ‘ট্রায়াল অপারেশন’ শুরু হবে।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করার চেষ্টা থাকবে। তবে এটি পরীক্ষাকালীন উৎপাদনের লক্ষ্য। কোন পর্যায়ে কতটা উৎপাদন বাড়ানো সম্ভব হবে, তা নির্ভর করবে পরীক্ষার ফলাফল ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের সহযোগিতায় কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চ ...
স্টাফ রিপোর্টার: সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমন কার্যক্রম সরেজমিনে দেখতে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ ...
বিশেষ প্রতিনিধি, মস্কো: রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত ৫ম Rossotrudnichestvo ‘ Honest View’ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মাননা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সাংবাদিক, লেখক ও গণমাধ্যম ...
স্টাফ রিপোর্টার: ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ১১টা ৬ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্র ...
সব মন্তব্য
No Comments