যৌথ মহড়া বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে: প্রধানমন্ত্রী

প্রকাশ : 24 Nov 2026
যৌথ মহড়া বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে: প্রধানমন্ত্রী


স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে।


তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।


প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’


আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।


তিনি বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।


এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিয়েছে।


প্রধানমন্ত্রী বলেন, আজকের এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।


তিনি বলেন, এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিও আরও কার্যকর হবে।


আজ বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজিম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।


পরে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন এবং তিন বাহিনীর মহড়াস্থল ঘুরে দেখেন।


মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজেই সাঁজোয়া যান চালিয়ে আট কিলোমিটার পথ অতিক্রম করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত আট কিলোমিটার পথ এটিভি ভেহিকল মডেলের বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান চালিয়ে অতিক্রম করেন। এ সময় দুই পাশে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।


এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পানিসম্পদমন্ত্রী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।


স্বর্ণদ্বীপ নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা একটি প্রাকৃতিক দ্বীপ, যা স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। গত এক দশকে সেখানে নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ মহড়াসহ বিভিন্ন সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। তবে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান সেখানে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করলেন। মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলেই ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত খবর

;