স্টাফ রিপোর্টার: দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ১০ মাসে অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কমপক্ষে ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে নির্যাতনের শিকার মানুষের সংখ্যা বেড়েছে ৯৩২ জন, যা প্রায় ৫৪ শতাংশ। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) দেশের ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের ভিত্তিতে প্রস্তুত করা এক তুলনামূলক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। বুধবার (২৫ নভেম্বর) এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের এসব তথ্য জানান।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৭৫৯ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৪৩৪ জন অর্থাৎ প্রায় ৫৭ শতাংশই ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী। একই সময়ে ১৫০ জন গণধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৪ জনকে। ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন ৩ জন। অন্যদিকে, ২০২৫ সালের একই সময়ে ধর্ষণের শিকার হয়েছিলেন ৭৪১ জন, তাঁদের মধ্যে ৪৩০ জন ছিলেন শিশু ও কিশোরী। অর্থাৎ ধর্ষণের মোট সংখ্যা সামান্য বৃদ্ধি পেলেও শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার ভয়াবহতা অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বেশ কয়েকটি সূচকে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বিশেষ করে যৌন নিপীড়নের ঘটনা ৩৭৪ থেকে বেড়ে ৭৬৮ হয়েছে, যা প্রায় ১০৫ শতাংশ বৃদ্ধি। যৌন নিপীড়নের শিকার শিশুদের সংখ্যা ২১৪ থেকে বেড়ে ৩১২ হয়েছে, অর্থাৎ প্রায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পারিবারিক সহিংসতার চিত্রও অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের সহিংসতায় নিহতের সংখ্যা ৩২৩ থেকে বেড়ে ৫০২ হয়েছে, যা প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধি। আহতের সংখ্যা ৮৩ থেকে বেড়ে ৩০৫ হয়েছে, অর্থাৎ প্রায় ২৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে পারিবারিক সহিংসতার শিকার হয়ে আত্মহত্যার সংখ্যাও ৬১ শতাংশ বেড়েছে। যৌতুকের কারণে হত্যার ঘটনা ২৮ থেকে বেড়ে ৪১ হয়েছে। ধর্ষণের পর হত্যার সংখ্যা ২৪ থেকে বেড়ে ৩৪ হয়েছে, যা প্রায় ৪২ শতাংশ বৃদ্ধি। তবে গণধর্ষণ ও ধর্ষণের পর আত্মহত্যার সংখ্যায় কিছুটা হ্রাস দেখা গেলেও সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক নয় বলে জানিয়েছে এইচআরএসএস।
এইচআরএসএস মনে করে, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা কেবল বিচ্ছিন্ন অপরাধ নয়, এর সঙ্গে গভীরভাবে জড়িত সামাজিক বৈষম্য, পুরুষতান্ত্রিক মানসিকতা, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতার সংস্কৃতি এবং অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা। বিশেষ করে শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা, ধর্ষণের পর হত্যা, যৌতুকের কারণে নির্যাতন এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগী ও তাঁদের পরিবার সামাজিক চাপ, ভয়ভীতি, অর্থনৈতিক অসচ্ছলতা এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। সংগঠনটি বলেছে, সার্বিকভাবে এসব পরিসংখ্যান নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, পারিবারিক সুরক্ষা, সামাজিক মর্যাদা এবং মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে আরও স্পষ্টভাবে তুলে ধরে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে নয় দফা সুপারিশ তুলে ধরেছে এইচআরএসএস। সুপারিশগুলোর মধ্যে রয়েছে ধর্ষণ, যৌন নিপীড়ন, যৌতুক ও পারিবারিক সহিংসতার মামলায় নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার ও অপরাধের মাত্রা অনুযায়ী আইনানুগ শাস্তি নিশ্চিত করে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও জনপরিসরে কার্যকর শিশু সুরক্ষা নীতি, অভিযোগ ব্যবস্থা ও সচেতনতামূলক কার্যক্রম চালু করা, নির্যাতিত নারী ও শিশুদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও আর্থিক সহায়তার পাশাপাশি ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা, পারিবারিক সহিংসতার অভিযোগ দ্রুত গ্রহণ, ঝুঁকিতে থাকা নারীদের সুরক্ষা, স্থানীয় প্রতিরোধ ও সহায়তা কাঠামো এবং জরুরি আশ্রয়ের ব্যবস্থা করা, যৌতুকবিরোধী ও বাল্যবিবাহ নিরোধ আইন কঠোরভাবে কার্যকর করা এবং সামাজিক সচেতনতা ও স্থানীয় নজরদারি বাড়ানো, অভিযোগ গ্রহণে অবহেলা, হয়রানি বা ভুক্তভোগীকে দোষারোপের ক্ষেত্রে পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা বজায় রাখা এবং বাধ্যতামূলক প্রশিক্ষণ ও জবাবদিহি নিশ্চিত করা, শিক্ষা, কর্মসংস্থান, সম্পত্তি, রাজনৈতিক অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণে সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা এবং কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গড়ে তোলা, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং ধর্মীয় ও সামাজিক নেতাদের সম্পৃক্ত করে সহিংসতা, বৈষম্য ও নেতিবাচক সামাজিক মনোভাবের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধমূলক সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার সঠিক তথ্য সংরক্ষণে সমন্বিত তথ্য ব্যবস্থা গড়ে তুলে নিয়মিত জাতীয় পরিসংখ্যান প্রকাশ, অপরাধের প্রবণতা বিশ্লেষণ ও সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান জোরদার করা। সংগঠনটি সরকারের প্রতি নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্য বন্ধে কার্যকর, সমন্বিত ও জবাবদিহিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এবং বলেছে, নারী ও শিশুদের জন্য নিরাপদ, বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলা রাষ্ট্রের সাংবিধানিক ও মানবাধিকারগত দায়িত্ব, এ ক্ষেত্রে কোনো অবহেলা বা আপস গ্রহণযোগ্য নয়।
স্টাফ রিপোর্টার: পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের ঘোষণার পরও আজ ঢাকার তিন শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক অবরোধ ও পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন পরিস ...
স্টাফ রিপোর্টার: হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭ এর অনুচ্ছেদ ৫ (৬) এ সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন করার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।প্রাথমিক নিবন্ধ ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় টানা পাঁচদিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ...
স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী ৩০ জেলায় বাড়তি সতর্কতার খবরটি সত্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরও চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালাতে পারেন বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ...
সব মন্তব্য
No Comments