জাহানাবাদ-রূপসী বাংলা স্থগিত, পদ্মা সেতু হয়ে চলবে জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস

প্রকাশ : 26 Nov 2026
জাহানাবাদ-রূপসী বাংলা স্থগিত, পদ্মা সেতু হয়ে চলবে জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস

স্টাফ রিপোর্টার: নিরাপত্তাজনিত পরিস্থিতিতে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিত রেখে বিকল্প রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন ট্রেনটি খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী ও পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে।


বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে উপপরিচালক মো. মেহেদী হাসান এ অনুমোদন দেন। এর আগে একই দিন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে ট্রেন পরিচালনার প্রস্তাব পাঠানো হয়।


অনুমোদন অনুযায়ী, ২০০০৩ নম্বর ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। অপরদিকে, ২০০০৪ নম্বর ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৩৫ মিনিটে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিকল্প রুটেই ট্রেনটি চলাচল করবে।


ট্রেনটি উভয় পথে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে। অর্থাৎ খুলনা থেকে পোড়াদহ-কুষ্টিয়া-রাজবাড়ী-ফরিদপুর হয়ে পদ্মা সেতু পার হয়ে ঢাকায় যাবে ট্রেনটি।


রেলওয়ের চিঠিতে বলা হয়েছে, পারিপার্শ্বিক পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনায় যাত্রীসাধারণ এবং রেলওয়ের নিরাপত্তার স্বার্থে গত ১৯ নভেম্বর থেকে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস ও ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের নিয়মিত যাত্রা বাতিল করা হচ্ছে। প্রতিদিন ট্রেনের যাত্রা বাতিল করায় টিকিট ফেরত দিতে হচ্ছে, এতে যাত্রীদের ভোগান্তি, বিভ্রান্তি ও রেলওয়ের পরিচালনাগত জটিলতা বাড়ছে।


এ পরিস্থিতিতে খুলনা-ঢাকা রুটে যাত্রীসেবা অব্যাহত রাখা, রাজস্ব ক্ষতি কমানো এবং রেলওয়ের কোচ ব্যবহারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সাময়িকভাবে বিকল্প ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেসের বিদ্যমান রেক দিয়েই নতুন এক জোড়া বিকল্প ট্রেন পরিচালনা করা হবে।


নতুন ট্রেনটি সাময়িকভাবে পরিচালিত হবে। এ কারণে ট্রেনের টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রি করা হবে বলে রেলওয়ের অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে।


রাজবাড়ী রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার মো. আব্দুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তাজনিত পরিস্থিতিতে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিত রেখে বিকল্প রুটে অর্থাৎ পদ্মা সেতু হয়ে রাজবাড়ী দিয়ে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ খুলনা পর্যন্ত চলাচল করবে এবং রাজবাড়ীতে স্টপেজ দেবে।


উল্লেখ্য, জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস আগে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে চলাচল করত। নতুন সিদ্ধান্তের ফলে ওই দুটি স্টেশন হয়ে ট্রেন দুটির চলাচল বন্ধ হয়ে যাবে এবং এসব স্টেশনের যাত্রীরা ট্রেন দুটির সরাসরি সেবা থেকে আপাতত বঞ্চিত হবেন।


গোপালগঞ্জে বিক্ষোভকারীদের হামলা, ট্রেনে অগ্নিসংযোগ, স্টেশন ভাঙচুর ও রেললাইন উপড়ে ফেলার মতো ঘটনার জেরে গোপালগঞ্জের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ অনির্দিষ্টকাল বন্ধ রয়েছে। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া ও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই রুটে কোনো ট্রেন চলবে না। গোপালগঞ্জ হয়ে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত, যা গত ১৫ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এর মধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, অভিযাত্রী কমিউটার, রূপসী বাংলা, জাহানাবাদ এক্সপ্রেস ও ভাটিয়াপাড়া এক্সপ্রেস রয়েছে।


রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেছেন, ট্রেনযাত্রীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করাসহ রেলওয়ে সম্পদ রক্ষা না করে ট্রেন চালানো সম্ভব নয়। অগ্নিসংযোগ, স্টেশন ভাঙচুর ও রেললাইন উপড়ে ফেলার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটানো হয়েছে। এ অবস্থায় চরম ঝুঁকি নিয়ে যাত্রী চলাচল অসম্ভব। এজন্যই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চালানো যাবে না।


রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন স্থানে রেললাইনের ফিশপ্লেট ও স্লিপার উপড়ে ফেলায় লাইনগুলো ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া সিগন্যাল ব্যবস্থা ও স্টেশনগুলোর ব্যাপক ক্ষতি হওয়ায় তাৎক্ষণিকভাবে মেরামত কাজ শুরু করাও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।


প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর কাশিয়ানী জংশন হয়ে পদ্মা সেতু দিয়ে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস চালু হয়েছিল। তখন জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে সকাল ৬টায় ছেড়ে সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাত। নতুন বিকল্প রুটে দূরত্ব ও যাত্রাবিরতি বেশি হওয়ায় যাত্রার সময় এখন প্রায় সাত ঘণ্টার বেশি হবে।


সম্পর্কিত খবর

;