টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: ৮ হাজার ২৬ জনকে আসামি মামলা

প্রকাশ : 26 Nov 2026
টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: ৮ হাজার ২৬ জনকে আসামি মামলা

ফরিদপুর অফিস: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ৮ হাজার ২৬ জনকে আসামি করা হয়েছে। একই সঙ্গে ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে সেটি জানা যায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে। এরপর সন্ধ্যায় মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম। 


মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে। তাঁকে ১ নম্বর আসামি করা হয়েছে। ২ নম্বর আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সরদারকে। তাঁরা ছাড়া মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামচুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মোট ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের সঙ্গে অজ্ঞাত আরও ৮ হাজার জনকে আসামি করা হয়েছে। 


মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। খুনের উদ্দেশে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে তারা। একইসঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়। 


ক্ষয়ক্ষতির বিষয়ে মামলার বিবরণীতে বলা হয়েছে, সেদিন থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল। এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এ ছাড়া সব মিলিয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। 


এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারাসহ দণ্ডবিধি এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। 


এদিকে থানা ভবন, আসবাবপত্র, যানবাহন, পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে যাওয়ায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। কাগজে-কলমে দায়িত্ব বণ্টন থাকলেও বাস্তবে সেই কার্যক্রম পরিচালনার পরিবেশ নেই। তাই দৈনন্দিন কার্যক্রমের প্রতিবেদন পুলিশ সদর দপ্তর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠাতে হয়। সেই অনুযায়ী কাগজে-কলমে গত এক সপ্তাহ ধরে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ হোসেন। এ ছাড়া টহল পুলিশের দায়িত্বে উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান ও এসআই নাজমুল হোসেন দায়িত্ব পালন করছেন। 


সম্পর্কিত খবর

;