বরিশালে লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা, আসামি গ্রেপ্তার

প্রকাশ : 26 Nov 2026
বরিশালে লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা, আসামি গ্রেপ্তার

রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: জমিজমা নিয়ে বিরোধের জেরে লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ বছর পর মো. বাবু মিয়া ওরফে লাল বাবু (২৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে বরিশাল লঞ্চঘাটের চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার মো. বাবু মিয়া ওরফে লাল বাবু বরিশাল নগরের কোতোয়ালি থানার ৮ নম্বর ওয়ার্ডের গিলাতলী এলাকার বাসিন্দা। তাঁর বাবা মৃত আবুল কাশেম মিয়া এবং মা মৃত রওশনারা বেগম।


বুধবার রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে আসামিরা বাদীর সম্পর্কে কী হন, তা সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি।


সিআইডি ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে মামলার বাদী ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদী বাড়িতে না থাকার সুযোগে তাঁর দুই সন্তান মিলি আক্তার (১৬) ও মাহিমকে (৯) বাড়ির বাইরে ডেকে নিয়ে যায় আসামিরা।


অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে দুটি লাচ্ছির বোতলে সিরিঞ্জের মাধ্যমে বিষ মিশিয়ে শিশু দুটিকে পান করতে দেওয়া হয়। বিষয়টি বুঝতে না পেরে লাচ্ছি পান করার পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


এ ঘটনায় শিশু দুটির মা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন। ২০২১ সালের ১৩ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ৩৬ এবং জিআর নম্বর ৭৫০/২০২১। মামলায় দণ্ডবিধির ৩৪, ৩০৭ ও ৩২৮ ধারায় অভিযোগ আনা হয়।


পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার নেয় সিআইডি। তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি বাবু মিয়া ওরফে লাল বাবুকে গ্রেপ্তার করা হয়। ঘটনার প্রায় ৫ বছর ৩ মাস পর এই গ্রেপ্তার হলো।


সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


সম্পর্কিত খবর

;