সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেপ্তার করল ডিবি

প্রকাশ : 26 Nov 2026
সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেপ্তার করল ডিবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর লালমাটিয়া থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল লালমাটিয়ার ১/১২, ব্লক-সি থেকে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করে।


ডিবি জানিয়েছে, ডরিনের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, ডরিন নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং সংগঠনটির পলাতক নেতাকর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। এ বিষয়ে ডরিন বা তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।


ডিবি আরও জানিয়েছে, গ্রেপ্তার মুনতারিন ফেরদৌস ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেটি তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্টভাবে জানা যায়নি।


গ্রেপ্তার ডরিনের বাবার নাম আনোয়ারুল আজীম আনার এবং মায়ের নাম ইয়াসমিন ফেরদৌস। তার স্থায়ী ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার নিশ্চিন্তপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি ঠিকানায় বসবাস করতেন।


কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন। তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় জিডি করার পর দুই দেশে তদন্ত শুরু হয়। পরে পুলিশ বলেছিল, এমপি আনারকে কলকাতার এক বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।


ওই ঘটনায় কলকাতায় মামলা হয়। আনারের মেয়ে ডরিনও ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছিলেন। বাবার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার চেয়ে তখন ডরিনকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করতে দেখা গিয়েছিল। বাবার হত্যার বিচার চেয়ে সে সময় আলোচনায় এসেছিলেন ডরিন।


সম্পর্কিত খবর

;