শান্তনু দে: এই শহরের ইতিহাস জানে মান্টোর প্রথম সবকিছু।
এই শহরে নিজের ঘরে রাখতেন ভগৎ সিংয়ের ছবি। যে ঘরকে তিনি ডাকতেন ‘রেড রুম’!
অমৃতসর। আসার কথা ছিল না। চণ্ডীগডে বারকয়েক আসলেও এই শহরে কখনও আসা হয়নি। এবারেও খানিকটা অফ রুট। তবু জালিয়নওয়ালাবাগ, রাতের স্বর্ণমন্দিরের অমোঘ আকর্ষণের সঙ্গেই মান্টো আর ফয়েজের জন্য আসা। যদিও সাতচল্লিশে দাঙ্গার আগুনে মান্টোর গোটা মহল্লাই পুড়ে খাক হয়ে গিয়েছে। এখন সেখানে কাটরা জয়মাল সিং মার্কেট। শহরের কোথাও নেই মান্টো, কিংবা ফয়েজের স্মৃতিসৌধ। দু’জনের নামের সঙ্গে আমজনতাও তেমন পরিচিত নয়।
অথচ, এই শহরেই মুসলিম-অ্যাঙ্গলো ওরিয়েন্টাল (মেয়ো) কলেজে ইংরেজির অধ্যাপক ছিলেন ফয়েজ। আর তাঁর ছাত্র ছিলেন মান্টো। ছাত্র সম্পর্কে শিক্ষকের প্রতিক্রিয়া: ও কখনোই বেশি পড়াশোনা করত না। খুবই দুষ্টু ছিল। কাউকে সম্মান করত না। তবে আমায় করত, আমাকে ওর ‘উস্তাদ’ মানত।
এই শহরকে চেনে তামাম দুনিয়া। এই শহরেই জালিয়নওয়ালাবাগ। বর্বর হত্যাকাণ্ড। মান্টো তখন সাত। এবং তিনি তাঁর সাক্ষী। জালিয়নওয়ালাবাগের ‘নায়ক’ সইফুদ্দিন কিচলু ছিলেন তাঁর ঘনিষ্ঠ আত্মীয়। সেকারণে তাঁর পরিবারকে কম দুর্বিপাকের মুখোমুখি হতে হয়নি। ৯ এপ্রিল, ১৯১৯। মানুষ যখন হল গেট থেকে মিছিল শুরু করেন, তখন তাঁদের সঙ্গে ছিলেন মান্টোও। গেটের কাছে থামানো হয় সেই মিছিল। এগোতে চাইলে বিপরীত দিক থেকে শুরু হয় গুলিবৃষ্টি। ১,৬৫০ বুলেট। দক্ষিণদিকে ছিল একটি অগভীর নালা। অনেকেই তাতে পড়ে যান। গুলি থামা না পর্যন্ত কিশোর মান্টো সেখানেই লুকিয়ে ছিল।
মুম্বাই, কিংবা লাহোর নয়। এই শহরে বসেই মান্টো লেখেন তাঁর প্রথম গল্প ‘তামাশা’, জালিয়নওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে। প্রকাশিত হয় ১৯৩৪ সালে, লাহোরের একটি ছোট সাহিত্য পত্রিকায়। পরে জালিয়নওয়ালাবাগ নিয়ে লেখেন আরও গল্প। স্বরাজ কে লিয়ে, সন ১৯১৯ কী এক বাত।
এই শহরেই সাজ্জাদ জাহিরের সঙ্গে ফয়েজের প্রথম আলাপ। প্রথম পড়া ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’। মার্কসবাদ নিয়ে আগ্রহের শুরু।
ফয়েজের নিজের কথায়: ‘১৯৩৫, আমি অমৃতসর কলেজে পড়ানো শুরু করি। কলেজের তরুণ শিক্ষকদের মাঝে এসব বিষয়ে নিয়ে তর্ক হতো। একদিন আমার এক বন্ধু সাহেবজাদা মাহমুদুজ্জাফর আমাকে একটা পাতলা বই দিয়ে বলল, ‘নাও, এটো পড়ো, আগামী সপ্তাহে এটা নিয়ে তোমার সাথে তর্ক হবে। তবে বেআইনি বই, একটু সাবধানে রেখো।’ বইটা ছিল ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’। আমি এক বসাতেই বইটি শেষ করলাম। তারপর আরো তিন-চারবার পড়লাম। মানুষ আর প্রকৃতি, ভবিষ্যৎ আর সমাজ, সমাজ আর শ্রেণি, শ্রেণি আর উৎপাদন ব্যবস্থার মাধ্যমে বন্টন, উৎপাদন ব্যবস্থা আর উৎপাদন সম্পর্ক আর সমাজ সম্পর্ক, মানব পৃথিবীর মাঝে স্তরে স্তরে সম্পর্ক, বিশ্বাস, চিন্তা আর কাজ— মনে হলো এইসব রহস্য সমাধানের চাবি যেন কেউ হাতে ধরিয়ে দিল। এমনি করে সোশ্যালিজম আর মার্কসবাদ নিয়ে আমার আগ্রহের শুরু।’
কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ার সময়ই, কিংবা খানিক পরে তিনি লেখেন: ‘মুঝসে প্যাহলি সি মুহাব্বাত মেরি ম্যাহবুব না মাংগ।’ আগের মতো ভালোবাসা আমার কাছে আর চেয়ো না প্রিয়!
তখন যে তাঁর রোমান্স ভাগ হয়ে গিয়েছে বিপ্লবের সঙ্গে।
মোঃ আব্দুর রহিম (কৌশিক)রাষ্ট্র পরিচালনা কখনো কেবল দৃশ্যমান প্রতিষ্ঠান, সংবিধান কিংবা আনুষ্ঠানিক কাঠামোর ভেতর সীমাবদ্ধ থাকে না। ইতিহাস সাক্ষ্য দেয়- ক্ষমতার অলিন্দে এমন কিছু অদৃশ্য বলয় প্রায় সব সময়ই সক্ ...
মানিক লাল ঘোষ:বাঙালির চেতনা ও মননে কবি নজরুল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবির্ভাব ছিল ধূমকেতুর মতো। তাঁরা দুজনেই ছিলেন আপাদমস্তক স্বাধীনতাকামী, অসাম্প্রদায়িক এবং শোষণের বিরুদ্ধে আপসহ ...
মোঃ খালিদ হাসান:বাংলাদেশের সামনে জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সংকট নয়, এটি অর্থনীতি, জনস্বাস্থ্য, কৃষি, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের প্রশ্ন। তাপদাহ, বায়ুদূষণ, নদীভাঙন, লবণাক্ততা বৃ ...
মোঃ মামুন হাসান:পবিত্র ঈদুল আযহা মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আত্মত্যাগ, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য এবং মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মহিমান্বিত শিক্ষাই এ উৎসবের মূল প্রতিপাদ্য। হযরত ই ...
সব মন্তব্য
No Comments