টঙ্গীর কেমিক্যাল গোডাউনের আগুন সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশ : 14 Oct 2026
টঙ্গীর কেমিক্যাল গোডাউনের আগুন সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিস জানায়, আজ সকাল ১০টা ১৫ মিনিটের দিকে টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ইউনিট-২ এর সাততলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও তীব্রতা বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।


খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, সাভার, আশুলিয়া ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ২০ থেকে ২৩টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপণে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


বুধবার দুপুর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানান, কারখানার চতুর্থ ও দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। সেখানে ইনজেকশনসহ জরুরি ওষুধ থাকায় ধোঁয়ায় শ্বাসকষ্টের সমস্যা তৈরি হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের সদস্যরা সহযোগিতা করেন।


এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ফায়ার সার্ভিসের একজন কর্মী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। আগুনের কারণে ঘটনাস্থলের আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।


ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল জানান, কারখানার নিজস্ব ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তীব্রতার কারণে ফায়ার সার্ভিসের সহায়তা নিতে হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।


সম্পর্কিত খবর

;