উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ

খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টির পূর্বাভাস

প্রকাশ : 14 Oct 2026
খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


মঙ্গলবার আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৬ মিনিটে।

সম্পর্কিত খবর

;