পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত, আহত ২০

প্রকাশ : 15 Oct 2026
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীদের বেশিরভাগের বয়স ১৩ বছরের নিচে। 


দুর্ঘটনাটি ঘটেছে পেশোয়ার শহরের উত্তরাঞ্চলের দির কলোনিতে অবস্থিত বেসরকারি আল-খায়ের এডুকেশন সেন্টারে। পেশোয়ার পুলিশ প্রধান মিয়া সাঈদ জানিয়েছেন, দুর্ঘটনার সময় তিনটি শ্রেণিকক্ষে মোট ১১০ জন শিক্ষার্থী ছিল। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ৪৭ জনকে জীবিত উদ্ধার করেছে। ধ্বংসস্তূপের নিচে আরও শিক্ষার্থী আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 


জেলা জরুরি বিভাগের কর্মকর্তা ইফতিখার খান জানান, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে অন্তত ৪৫ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। সরকারি কর্মকর্তা বিলাল ফাইজি জানান, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে মরদেহ ও আহতদের বের করে হাসপাতালে পাঠানোর কাজ করছে। 


লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, নিহতদের বেশিরভাগকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় আহত আরও ২০ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, ভবনের ওপরের তলার ছাদ প্রথমে প্রথম তলার ছাদের ওপর ধসে পড়ে, পরে সেটিও ভেঙে পড়লে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা চাপা পড়ে। প্রাথমিকভাবে দুর্বল ভবন কাঠামো ও ছাদে অতিরিক্ত ওজনকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছেন পেশোয়ার পুলিশ প্রধান। তিনি বলেন, "এটি একটি দুর্বল ভবন কাঠামো ছিল। এর ছাদ অতিরিক্ত ভারী ছিল।" 


ঘটনাস্থলের টেলিভিশন ফুটেজে দেখা গেছে, একের পর এক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাচ্ছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুদের বের করে আনছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 


সম্পর্কিত খবর

;