দেশে ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ জন

প্রকাশ : 15 Oct 2026
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ জন

স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।


বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চারজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, চট্টগ্রাম বিভাগে দুইজন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন। মারা যাওয়া দশজনের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ। এর আগে গত ৬ অক্টোবরও ডেঙ্গুতে দশজনের মৃত্যু হয়েছিল।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৪৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৩০ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১ হাজার ৩১ জন।


চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৩১ জন মারা গেছেন। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৪ দিনেই মারা গেছেন ৮৬ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে মারা গেছেন।


সম্পর্কিত খবর

;