জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপন: মতামত কমিটির অনুষ্ঠিত

প্রকাশ : 15 Oct 2026
জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপন: মতামত কমিটির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি সভায় সভাপতিত্ব করেন।


সভায় কমিটির সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম এমপি, মোঃ আশরাফ উদ্দিন এমপি, লুৎফুল্লাহেল মাজেদ এমপি, মোঃ সাইফুল আলম এমপি এবং মারদিয়া মমতাজ এমপি অংশগ্রহণ করেন। সভায় জাতীয় সংসদ ভবন ও সংসদ এলাকায় মোট বিদ্যুতের চাহিদা নিরূপণ, বিদ্যুতের ব্যবহার হ্রাস ও সিস্টেম লস কমানো, সোলার সিস্টেম স্থাপনের জন্য উপযুক্ত ফাঁকা জায়গার সম্ভাব্যতা যাচাই এবং সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


সভায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে একটি মানচিত্র প্রণয়ন এবং প্রস্তাবিত স্থানগুলোতে প্যানেল স্থাপনের পরিকল্পনার ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন তৈরি করে আগামী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় জাতীয় সংসদ ভবনের মূল স্থাপত্যশৈলী ও লুইস আই কানের নকশার যাতে কোনো ব্যত্যয় না ঘটে এবং পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করা হয়।


এছাড়া সোলার প্যানেল স্থাপনের সার্বিক সম্ভাব্যতা পরীক্ষা-নিরীক্ষা ও প্রতিবেদন প্রণয়নের জন্য কমিটির সদস্য মোঃ আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ ও মারদিয়া মমতাজের সমন্বয়ে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটির কার্যক্রমে সংসদ সচিবালয়ের যুগ্মসচিব (এএস), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রতিনিধি, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলী সম্পৃক্ত থাকবেন।


সভায় অধিবেশনকালীন সময় ব্যতীত অন্যান্য সময়ে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ রাখলে সম্ভাব্য ক্ষতির বিষয়ে একটি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে উপ-কমিটির কাছে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ইতোমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন সম্পন্ন করে এমপি হোস্টেলের ছাদে সোলার প্যানেল স্থাপনের যে কার্যক্রম চলমান রয়েছে, সে বিষয়ে এ কমিটি কোনো দায়ভার গ্রহণ করবে না মর্মেও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;