আজ থেকে শুরু নোবেল বিজয়ীদের নাম ঘোষণা, প্রথম দিনে চিকিৎসাবিজ্ঞান

প্রকাশ : 05 Oct 2026
আজ থেকে শুরু নোবেল বিজয়ীদের নাম ঘোষণা, প্রথম দিনে চিকিৎসাবিজ্ঞান

আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞান দিয়ে আজ সোমবার (৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। ১২৫তম বর্ষে এবার পুরস্কারের অর্থও বাড়ানো হয়েছে।


সুইডেনের রাজধানী স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে ৩টায় (১১:৩০ CEST) ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম। নোবেল অ্যাসেম্বলি এই ঘোষণা দেবে। সব ঘোষণা নোবেল প্রাইজের অফিসিয়াল ইউটিউব ও ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে।


প্রতিবছরের মতো এবারও ছয়টি বিভাগে ছয় দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। প্রকাশিত সূচি অনুযায়ী: 


সোমবার, ৫ অক্টোবর - চিকিৎসাবিজ্ঞান: ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, সোলনা

মঙ্গলবার, ৬ অক্টোবর - পদার্থবিজ্ঞান: রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস

বুধবার, ৭ অক্টোবর - রসায়ন: রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস

বৃহস্পতিবার, ৮ অক্টোবর - সাহিত্য: সুইডিশ একাডেমি

শুক্রবার, ৯ অক্টোবর - শান্তি: নরওয়েজিয়ান নোবেল কমিটি, অসলো

সোমবার, ১২ অক্টোবর - অর্থনীতি: রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস

শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ের রাজধানী অসলো থেকে, বাকি পাঁচটি পুরস্কার ঘোষণা করা হয় স্টকহোম থেকে। প্রথা অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সোমবার থেকেই নোবেল সপ্তাহ শুরু হয়।


এবারের নোবেল বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯০১ সালে প্রথম নোবেল দেওয়া হয়েছিল, এবার ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে পুরস্কারের অর্থ বাড়িয়ে ১২ মিলিয়ন সুইডিশ ক্রোনার করা হয়েছে, যা প্রায় ১২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। গত বছর এই অর্থ ছিল ১১ মিলিয়ন। নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হানা স্টার্নে জানিয়েছেন, পুরস্কারের আর্থিক মূল্য ধরে রাখতেই এই বৃদ্ধি। 


নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হয় ১০০ বছরের বেশি সময় ধরে। সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেল, যিনি ডিনামাইটের উদ্ভাবক ছিলেন, তার রেখে যাওয়া অর্থ থেকে এই পুরস্কার দেওয়া হয়। ১৮৯৫ সালে করা তার উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা বলা ছিল - পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তি। ১৯০১ সাল থেকে এই পাঁচটি দেওয়া শুরু হয়। অর্থনীতিতে পুরস্কারটি তার উইলে ছিল না। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ‘দ্য ব্যাংক অব সুইডেন’ আলফ্রেড নোবেলের স্মরণে এই পুরস্কার চালু করে, যা ১৯৬৯ সাল থেকে দেওয়া হচ্ছে।


আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে স্বর্ণপদক, সনদ এবং পুরস্কারের অর্থের চেক তুলে দেওয়া হবে। কোনো বিষয়ে একাধিক বিজয়ী হলে অর্থ সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।


সম্পর্কিত খবর

;