শ্রমিক বিক্ষোভের মাঝে গাজীপুরে ঝুট গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস

প্রকাশ : 01 Nov 2026
শ্রমিক বিক্ষোভের মাঝে গাজীপুরে ঝুট গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস

গাজীপুর প্রতিনিধি: শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের কারখানাটির ঝুট গুদামে এ আগুনের ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারেকুল ইসলাম। তিনি জানান, দুপুরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।


তবে সকাল থেকেই শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম যানজটের সৃষ্টি হয়। এ কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বাধার মুখে পড়ে। যানজটের কারণে প্রথম দফায় দুটি ইউনিট ঘটনাস্থলে না পৌঁছেই ফিরে যেতে বাধ্য হয় বলে জানা গেছে।


পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির সহায়তা নেওয়া হয়। বিজিবির পাহারায় মহাসড়কের বিপরীত বা উল্টো পথ ব্যবহার করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুনরায় ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।


তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন কীভাবে লেগেছে তা নিশ্চিত করে বলতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

;