বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় বান্ধবী দিশা ৪ দিনের রিমান্ডে

প্রকাশ : 01 Nov 2026
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় বান্ধবী দিশা ৪ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার: বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি (২৭) হত্যা মামলায় গ্রেফতার তার বান্ধবী সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


রোববার (১ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।


আদালত সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৩টা ৫০ মিনিটে আসামি দিশাকে পুলিশি পাহারায় আদালতে তোলা হয়। তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, মামলার মূল রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতার, আলামত উদ্ধার এবং হত্যাকাণ্ডের সঠিক স্থান নির্ধারণের জন্য আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।


অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তারা আদালতে বলেন, শুধুমাত্র সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে তাকে গ্রেফতার করা হয়েছে। ওইদিন রাতে ভিকটিম তার গাড়িতে করে আসামিকে পৌঁছে দেওয়ার পর আর কোনো যোগাযোগ হয়নি। বন্ধু হিসেবে দেখা করতেই পারে, এ জন্য তিনি হত্যার সঙ্গে জড়িত নন।


মামলার এজাহার ও রিমান্ড আবেদন সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ডিএমপির উত্তরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কাফরুল থানা এলাকা থেকে দিশাকে গ্রেফতার করে নৌ-পুলিশ। তদন্তে দেখা গেছে, ঘটনার পূর্বে গত ২৭ অক্টোবর রাতে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ তাহসিফের সঙ্গে দিশার যাতায়াত এবং মোটরসাইকেল গ্যারেজসহ বিভিন্ন স্থানে একসঙ্গে ঘোরার তথ্য সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে। তাদের মধ্যে মোবাইল ফোনেও যোগাযোগের প্রমাণ রয়েছে।


রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, পূর্বে রিমান্ডে থাকা অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্যের সঙ্গে দিশার তথ্য ক্রস-চেক করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। এর আগে শনিবার তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।


সম্পর্কিত খবর

;