স্পেনের তোলেদোতে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৯

প্রকাশ : 28 Oct 2026
স্পেনের তোলেদোতে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৯


আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের তোলেদো অঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।


বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে মোরাসহ ও অর্গাজ শহরের মধ্যবর্তী এলাকায় রেনফে ও ইরিও পরিচালিত দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’।


ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৬ জন হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পরবর্তী আপডেটে স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম ও চীনা সংবাদমাধ্যম চায়না ডেইলির বরাতে মৃতের সংখ্যা ৫০ এবং আহতের সংখ্যা ১৭৯ বলে জানানো হয়েছে।


দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। কাস্তিলিয়া-লা মানচা অঞ্চলের মুখপাত্র এস্থার পাদিয়ার বরাতে এনডিটিভি জানিয়েছে, রেনফে ট্রেনে ছিলেন ৩৯৭ জন এবং ইরিও ট্রেনে ছিলেন ১৪৭ জন যাত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে একটি খাদের মধ্যে ট্রেনের বগি কাত হয়ে পড়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়।


সংঘর্ষের কারণ সম্পর্কে প্রাথমিক তথ্যে বলা হচ্ছে, রেনফের এভিই ট্রেনটি পেছন থেকে স্থির হয়ে থাকা ইরিও ট্রেনকে ধাক্কা দেয়। এতে ইরিও ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে বাঁধের নিচে পড়ে যায়। স্পেনের রেল অবকাঠামো পরিচালক আদিফ এক্স-এ জানিয়েছে, ‘মাদ্রিদ-আন্দালুসিয়া হাইস্পিড রেললাইনে দুটি ট্রেনের পেছন থেকে সংঘর্ষের পর চলাচল স্থগিত করা হয়েছে।’


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সংকেত ত্রুটি মেরামতের সময় দায়িত্বে থাকা একজন কর্মীর মানবিক ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।


দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো স্পেনের সংবাদমাধ্যম ‘এল পাইস’কে জানান, সংঘর্ষের সময় যাত্রীরা ট্রেনের ভেতরে ছিটকে পড়েন। প্রথমে তারা ভেবেছিলেন ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে দেখেন, তাদের ট্রেনটি কাত হয়ে আছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন।


স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তোলেদোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন তিনি। এক্স-এ তিনি লিখেছেন, ‘তোলেদোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। আমি পরিবহন মন্ত্রী ও কাস্তিলিয়া-লা মানচার প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে।’


দুর্ঘটনার পর রেল চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে হাইস্পিড রেল চলাচল স্থগিত করা হয়েছে। উদ্ধারকাজ ও হতাহতের সংখ্যা নিরূপণের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের প্রস্তুতি চলছে।


এটি চলতি বছরে স্পেনের হাইস্পিড রেল নেটওয়ার্কে দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে গত জানুয়ারিতে কর্ডোবা প্রদেশের আদামুজের কাছে একই লাইনে ট্রেন লাইনচ্যুত হয়ে সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন। এই দুর্ঘটনার পর স্পেনের রেল রক্ষণাবেক্ষণে বিনিয়োগ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।


সম্পর্কিত খবর

;