মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা হবে না, জানালেন ট্রাম্প; বন্দর অবরোধ বহাল থাকবে

প্রকাশ : 09 Oct 2026
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা হবে না, জানালেন ট্রাম্প; বন্দর অবরোধ বহাল থাকবে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছে। 


ট্রাম্প তার পোস্টে বলেন, "আমি সবাইকে স্পষ্ট করে জানাতে চাই যে, ইরান অর্থনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই খুব খারাপ অবস্থায় থাকা সত্ত্বেও এবং অবরোধ পুরোপুরি কার্যকর থাকা সত্ত্বেও, আমরা ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো সময় ইরানে হামলা করব না।" তিনি আরও বলেন, ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ পুরোদমে বহাল থাকবে বলেও তিনি নিশ্চিত করেছেন। 


হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এই নৌপথ দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহন হচ্ছে। তার ভাষায়, এক রাতেই প্রায় ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল এই প্রণালি দিয়ে গেছে, যার একটি ব্যারেলও ইরান থেকে আসেনি বা ইরানে যায়নি। তিনি বলেন, অবরোধ বহাল থাকা অবস্থাতেও তেলের প্রবাহ রেকর্ড সংখ্যায় অব্যাহত রয়েছে। 


এদিকে হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়ার প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া মতামত পর্যালোচনা করছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটনের প্রস্তাবের জবাব দেওয়া হবে। ইরানের প্রস্তাব অনুযায়ী, ওয়াশিংটন নির্দিষ্ট পদক্ষেপ নিলে সাত দিনের প্রক্রিয়ায় হরমুজ প্রণালি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। আরাগচি বলেন, "কূটনৈতিক প্রক্রিয়া এখনো চলছে" এবং ইরান কয়েক দিনের মধ্যে উত্তর দেবে। 


অন্যদিকে, ইরান-যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরান যুদ্ধ বন্ধে মস্কো সবকিছু করবে। বৃহস্পতিবার তুর্কমেনিস্তানে এক বৈঠকে এবং বুধবার এক ফোনালাপে পুতিন এই আগ্রহের কথা জানান বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ও রুশ সংবাদ সংস্থাগুলো জানিয়েছে। পুতিন বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধে মধ্যস্থতার প্রচেষ্টায় সহায়তা করতে রাশিয়া প্রস্তুত। 


সম্পর্কিত খবর

;