নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশ : 11 Oct 2026
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন দুই ভাই। রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহত দুই শিশু ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় খেলছিল দুই ভাই। এ সময় প্রতিবেশী নুরেছা খাতুনের বাড়ির পল্লী বিদ্যুতের আর্থিং তারের সংস্পর্শে এসে এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে অপর ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়।


পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।


কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আর্থিং তারটি কোনোভাবে বিদ্যুতায়িত হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত খবর

;