শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

প্রকাশ : 17 Nov 2026
শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না খাতুনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।


রায়ে আদালত বলেন, রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।


এর আগে সোমবার (১৬ নভেম্বর) এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। ওই দিনই হাইকোর্ট রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, কোনো ধরনের মুলতবি ছাড়াই এক কার্যদিবসে মামলাটির শুনানি সম্পন্ন হয়েছে। এ মামলায় হাইকোর্ট দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় সোহেল রানা নিজেই ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর ভিত্তিতেই বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। এ ধরনের অপরাধ সংঘটনে সহযোগিতা করার দায়ে তার স্ত্রী স্বপ্না খাতুনকেও একই সাজা দেওয়া হয়েছিল। মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যেও ঘটনার বিবরণ উঠে এসেছে বলে রাষ্ট্রপক্ষ জানায়।


তবে স্বপ্না খাতুনের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, সাক্ষ্য-প্রমাণে স্বপ্না খাতুনের অপরাধ প্রমাণিত হয়নি। আসামি সোহেল রানা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় স্ত্রী স্বপ্না সহযোগিতা করেছেন এমন কোনো তথ্য দেননি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ শুনানিতে অবশ্য দাবি করেছিল, অপরাধের পুরো ঘটনাই জানতেন স্বপ্না খাতুন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, ধর্ষণ ও হত্যার সঙ্গে স্বপ্না খাতুনের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। ফলে তাকে খালাস দেওয়া হোক।


রায়ের পর স্বপ্না খাতুনের খালাসের বিষয়ে আপিল করা হবে কিনা, তা নিয়ে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলাপ করে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, রামিসা হত্যা মামলায় প্রকৃত আসামির সাজা বহাল থাকায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারের খালাসের বিরুদ্ধে আপিল করবে কিনা সে সিদ্ধান্ত নেবে রামিসার পরিবার।


মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। এরপর গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা এবং স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। গত ৯ জুন দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পৌঁছায়।


রায় শুনতে মঙ্গলবার সকালে হাইকোর্টে উপস্থিত হন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। রায় শুনতে এসে তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি বহাল রাখার প্রত্যাশা জানান। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, রায়ের ব্যাপারে বিস্তারিত জেনে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। একজন সন্তানহারা বাবা হিসেবে তিনি বলেন, বাংলাদেশের আইন ও সংবিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তিটাই প্রত্যাশা করেন। রায় যত দ্রুত থেকে দ্রুততম সময়ের ভিতরে কার্যকর হবে, ততটুকুই তিনি মনের দিক থেকে সন্তুষ্ট হবেন বলে জানান।


সম্পর্কিত খবর

;