শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই, ভারতের পরামর্শ ‘উদ্ভট’ বললেন চিফ প্রসিকিউটর

প্রকাশ : 15 Nov 2026
শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই, ভারতের পরামর্শ ‘উদ্ভট’ বললেন চিফ প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলাদেশে সম্পন্ন হওয়ার পরও ভারত কীভাবে পুনর্বিচার চায়, সেই প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।


তিনি বলেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত সুযোগ নেই। ভারতের বিচারব্যবস্থায়ও পুনর্বিচারের বিধান ছিল। তবে দেশটি তা বাতিল করেছে। বাংলাদেশেও এই বিধান নেই।


রোববার (১৫ নভেম্বর) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার চায় শেখ হাসিনাকে আপিলের সুযোগ দেওয়া হোক। তার পুনর্বিচার চায় ভারত। এ বিষয়ে চিফ প্রসিকিউটরের বক্তব্য জানতে চান তিনি।


জবাবে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে একটা ট্রায়াল হয়ে গেছে, সেটার আবার ট্রায়াল চায় কোনো দেশ। এটাকে বলা হয় ‘ডি নোভো ট্রায়াল’। মানে আরেকবার বিচার। একবার বিচার হয়ে গেছে, সেটার পুনর্বিচার।


তিনি বলেন, আমাদের দেশে এ কার্যক্রমকে বলা হয় ডি নোভো ট্রায়াল তথা আরেকবার বিচার। অর্থাৎ একবার বিচার হয়ে গেছে, এটাকে পুনর্বিচার বলা হয়। ডি নোভো ট্রায়ালের বিধান ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও ছিল। ভারতীয় বিচারব্যবস্থায় সেই ডি নোভো ট্রায়ালের বিধান বাতিল করে দেওয়া হয়েছে। একইভাবে আমাদের দেশেও এটি রহিত করা হয়েছে। পাকিস্তানেও নেই।


চিফ প্রসিকিউটর প্রশ্ন তোলেন, এখন যে দেশে তারা এই চর্চা করে না, তারা আরেক দেশকে ডি নোভো ট্রায়ালের জন্য কীভাবে পরামর্শ দেয়। আমাদের এখানে ডি নোভো ট্রায়ালের কোনো পদ্ধতি নেই। তবে আপিলের বিধান আছে।


ভারতের পরামর্শের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভারত সরকার শুরু থেকেই এ মামলার বিচার কার্যক্রম সম্পর্কে জানে। তাদের আশ্রয়ে আসামি রয়েছেন। বিচার কার্যক্রম শুরুর সময় কেন তাকে বাংলাদেশে গিয়ে বিচার মোকাবিলা করতে বা সময়মতো আপিল করতে পরামর্শ দেওয়া হয়নি।


তিনি বলেন, তখন তাদের এই অতিথিকে কেন পরামর্শ করলেন না যে আপনি বাংলাদেশে যান, গিয়ে বিচারটা মোকাবিলা করেন বা কেন বললেন না যে আপনি সময়মতো গিয়ে আপিল করেন। তা না করে আপিলের সময় পার করলেন, বিচারের সময় পার করলেন, এখন এসে আবার আমাদের পরামর্শ করছেন যে আপনি ডি নোভো ট্রায়াল করেন, অর্থাৎ পুনর্বিচার করেন।


চিফ প্রসিকিউটর বলেন, এ ধরনের উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার আইনগত কোনো সুযোগ নেই।


তিনি বলেন, শেখ হাসিনার আপিলের সুযোগ সরকার বা চিফ প্রসিকিউটর কেউ দিতে পারবেন না। এটি আইনের বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ প্রণয়ন করেছে আওয়ামী লীগ সরকার। ২০১০ সালে তারা এই আইনের অধীনে বিচারপ্রক্রিয়ার বিধিমালা প্রণয়ন করে। ২০২৪ সালের আগ পর্যন্ত এই আইন ও বিধিমালা ব্যবহার করেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে।


তিনি বলেন, বর্তমান সরকার আপিলের বিধান পরিবর্তন করেনি। যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ীই বিচার হচ্ছে। আইনে আপিলের যে বিধান রয়েছে, সেটিই কার্যকর হবে। আইন না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও তা দেওয়ার এখতিয়ার নেই।


উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলার আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার ৫৭ দিন পর গত ১৩ জানুয়ারি এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে আইনে।


সম্পর্কিত খবর

;