উজিরপুরের ওটরায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ : 15 Nov 2026
উজিরপুরের ওটরায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মহাসিন মিঞা লিটন বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় ওটরা ইউনিয়নের চেরাগ আলী মার্কেট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আহমদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সামছুল আলম পান্নু গাজী, উপজেলা বিএনপির ধর্ম ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম মঞ্জু, ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. কামরুজ্জামান টুলু, সাধারণ সম্পাদক মো. মাসুদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. মামুন হাওলাদার, ওটরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজী মো. দেলোয়ার হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন বেপারী, উপজেলা যুবদলের সদস্য মো. মাইনুল মৃধা, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. হেমায়েত উদ্দিন মৃধা, উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আক্তার হোসেন নয়ন, ওটরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রিয়াজ খানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।


সমাবেশে বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ যখন শান্তিতে বসবাস করছে, তখন একটি নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত রাজনৈতিক গোষ্ঠীর অনুসারীরা পর্দার আড়াল থেকে দেশে নতুন করে নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে তারা মনে করেন। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সহিংসতার চেষ্টার মাধ্যমে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চলছে বলেও বক্তারা অভিযোগ করেন।


বক্তারা আরও বলেন, বাংলাদেশের মাটিতে কোনো ধরনের সন্ত্রাস ও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এই দেশে ফ্যাসিবাদের স্থান হবে না বলেও তারা মন্তব্য করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কেউ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন।


এ সময় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। যেকোনো মূল্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের নেতাকর্মীরা রাজপথে আছে এবং থাকবে বলেও সমাবেশে জানানো হয়।


সম্পর্কিত খবর

;