আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

প্রকাশ : 15 Nov 2026
আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

স্টাফ রিপোর্টার: প্রায় আড়াই মাস পর ঢাকায় ফিরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান। তিনি গত ৩১ আগস্ট থেকে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি সাধারণ পরিষদের সভাপতি হিসেবে কয়েকটি দেশ সফরও করেছেন।


ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানায়, তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগদান শেষে শনিবার (১৪ নভেম্বর) ঢাকায় ফিরেন খলিলুর রহমান।


রোববার (১৫ নভেম্বর) তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করার পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন। সপ্তাহখানেক বা এরচেয়ে কিছুটা বেশি সময় তার ঢাকায় অবস্থান করার কথা রয়েছে, এ সময়ে তিনি মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ কাজ করবেন বলে আভাস দিচ্ছে সূত্রগুলো।


পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনের জন্য ৩১ আগস্ট থেকে দেশে ছিলেন না খলিলুর রহমান। তিনি গত সেপ্টেম্বরে ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব সামলেছেন। তার সভাপতিত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য দেন।


সবশেষ, নিউইয়র্ক থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগদান করেন খলিলুর রহমান। পাশাপাশি তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও সরকারপ্রধানের আরও কয়েকটি বৈঠকে উপস্থিত ছিলেন তিনি।


কপ-৩১-এ যোগ দেওয়ার আগে দেওয়া এক ভিডিও বার্তায় খলিলুর রহমান তিনটি সুনির্দিষ্ট অগ্রাধিকারের কথা তুলে ধরেছিলেন। সেগুলো হলো দ্রুত পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর, পূর্বানুমেয় ও সহজলভ্য জলবায়ু অর্থায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষায় আরও শক্তিশালী ব্যবস্থা।


তিনি প্যারিস চুক্তির প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপান্তরের আহ্বান জানান। জলবায়ু অর্থায়ন যাতে সবচেয়ে বেশি প্রয়োজন এমন দেশ ও জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, সে বিষয়ে জোর দেন। একই সঙ্গে আগাম সতর্কীকরণ ব্যবস্থা, দুর্যোগ প্রস্তুতি ও স্থানীয় পর্যায়ে সুরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন।


সম্পর্কিত খবর

;