বঙ্গোপসাগরে, আগামীকাল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, বন্দরসমূহে সতর্ক সংকেত

প্রকাশ : 15 Nov 2026
বঙ্গোপসাগরে, আগামীকাল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, বন্দরসমূহে সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আজ (১৫ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় এটি ৯.৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এ সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৫০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,৪৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১,৪৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,৪৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।


নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামীকাল (১৬ নভেম্বর ২০২৬) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম থেকে ১,৯৫০ কিলোমিটার দূরে ছিল। দুপুরের মধ্যে দূরত্ব কমে আসায় এটি উত্তর দিকে অগ্রসর হচ্ছে বলে বোঝা যাচ্ছে। সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে আজ সকালেই নিম্নচাপে পরিণত হয়েছিল।


নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।


এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হতে পারে ‘আকভান’ বলে বিভিন্ন পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এখনো নামকরণের বিষয়ে কিছু বলা হয়নি।


সম্পর্কিত খবর

;