তিন জেলার শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন ও বডি ক্যামেরা

প্রকাশ : 15 Nov 2026
তিন জেলার শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন ও বডি ক্যামেরা

স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোট ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। রোববার (১৫ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই মোতায়েন করা হয়েছে। বিজিবির গণসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জেলাভিত্তিক মোতায়েনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।


এর মধ্যে সবচেয়ে বেশি ১৮ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায়। গাজীপুরে ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।


গাজীপুরে চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জে শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।


বিজিবি জানিয়েছে, মোতায়েনকৃত সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন।


এছাড়া সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এই কার্যক্রমে ড্রোন ছাড়াও বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

;