রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে গুলি, গুলিবিদ্ধ ২ কর্মচারী

প্রকাশ : 15 Nov 2026
রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে গুলি, গুলিবিদ্ধ ২ কর্মচারী

স্টাফ রিপোর্টার: রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।


রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের পাশে অবস্থিত ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ৪ থেকে ৫ জন যুবক হঠাৎ কার্যালয়ের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এক-দুই মিনিটের মধ্যেই তারা দৌড়ে পালিয়ে যায়।


আহতরা হলেন প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ রুবেল (২৮)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, গুলিবিদ্ধ হাবিবের বাম হাতে এবং সাজুর ডান পায়ে গুলি লেগেছে। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে হাবিব চাঁদপুরের উত্তর মতলব উপজেলার দুলাল মিয়ার ছেলে এবং সাজু আহমেদ ঝালকাঠির নলছিটি উপজেলার ইউসুফ মিয়ার ছেলে। তারা দুজনই ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে থাকতেন।


প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের অভিযোগ, ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে। প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক অপারেশন ইনচার্জ বন্দন কুমার সাহা জানান, ১৫ থেকে ২০ দিন আগে মোবাইল ফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দিলে ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।


আহত হাবিব জানিয়েছেন, হামলাকারীদের একজন বলছিলেন, ‘টাকা দিলি না কেন?’ আরেকজন বলছিলেন, ‘এখানে ব্যবসা করা যাবে না।’ তাদের মধ্যে দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। আহত সাজু আহমেদ বলেন, দুর্বৃত্তদের মধ্যে তিনজন কার্যালয়ের ভেতরে ঢুকেছিল এবং একজন বাইরে পাহারায় ছিল। ভেতরে ঢুকেই তারা বলতে থাকে, ‘তোদেরকে এখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনও বন্ধ করিস নাই কেন?’ এই বলেই তারা গুলি ছুড়তে থাকে।


প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. পলাশ জানান, হামলাকারীরা অফিসের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে। তবে কর্মীরা একটি হার্ডড্রাইভ উদ্ধার করতে পেরেছেন।


রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


সম্পর্কিত খবর

;