যুক্তরাষ্ট্রে শক্তিশালী নর’ইস্টারের তাণ্ডব, নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা

প্রকাশ : 27 Sep 2026
যুক্তরাষ্ট্রে শক্তিশালী নর’ইস্টারের তাণ্ডব, নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরের নিম্নচাপ থেকে উদ্ভূত শক্তিশালী ঘূর্ণিঝড় নর’ইস্টারের আঘাতে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ব্যাপক দুর্যোগ দেখা দিয়েছে। প্রবল বর্ষণ, ঝড়ো হাওয়া ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউজার্সি, নিউইয়র্ক, কানেকটিকাট ও পেনসিলভেনিয়া। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও ইউএসএ টুডের খবরে বলা হয়েছে, এই শক্তিশালী নর’ইস্টার পূর্ব উপকূলে বিপজ্জনক বন্যা, বাতাস ও বৃষ্টি নিয়ে এসেছে। শুক্রবার সাগর থেকে ঝড়টি স্থলভাগে উঠে আসার পর ওয়াশিংটন ডিসি থেকে মাইন পর্যন্ত ১৪টি অঙ্গরাজ্যে এর প্রভাব অনুভূত হচ্ছে। তবে সবচেয়ে বিপর্যয়ের মধ্যে পড়েছে চারটি অঙ্গরাজ্য। 


বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। পাওয়ারআউটেজ ডটকমের বরাতে জানা গেছে, এক পর্যায়ে ১ লাখেরও বেশি বাড়িঘর ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক, কানেকটিকাট ও নিউজার্সিতে ৫০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১টা ৭ মিনিট পর্যন্ত চার অঙ্গরাজ্য নিউজার্সি, কানেকটিকাট, নিউইয়র্ক ও পেনসিলভেনিয়ায় ৮৮ হাজারের বেশি বাড়িঘর এখনও বিদ্যুৎবিহীন রয়েছে। এর আগে দিনের শুরুতে চারটি অঙ্গরাজ্যে সম্মিলিতভাবে ১ লাখের বেশি বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। 


ঝড়ের কারণে বিমান চলাচলেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিকেল পর্যন্ত প্রায় ৪২৫টি ফ্লাইট বাতিল এবং ১ হাজার ৩৩৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ফ্লাইটঅ্যাওয়্যারের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, বাতিলের সংখ্যা বেড়ে ৪৩৯টি এবং বিলম্বিত ফ্লাইটের সংখ্যা ২ হাজার ৪৫৯টিতে দাঁড়িয়েছে। 


যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করেছে যে, সোমবার পর্যন্ত নর’ইস্টারের প্রভাবে মধ্য-আটলান্টিক ও নিউ ইংল্যান্ড অঞ্চলজুড়ে উপকূলীয় বন্যা, বিপজ্জনক রিপ কারেন্ট, তীব্র দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। শিগগিরই আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই। 


দুর্যোগের জেরে নিউইয়র্ক ও নিউজার্সির গভর্নর শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন, যার মধ্যে নিউইয়র্ক সিটি অন্তর্ভুক্ত রয়েছে। কানেকটিকাটের গভর্নর আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা না করলেও রাজ্যের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার সচল করেছেন। 


নিউ জার্সির গভর্নর বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছেন ঝড়কে হেলাফেলা না করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে। নিউইয়র্ক সিটির মেয়র নগরবাসীকে অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়া এবং বন্যার পানিতে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছেন।


সম্পর্কিত খবর

;