ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও মানুষের জীবন-জীবিকা উন্নয়নে সদ্য সমাপ্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য পাওয়া অর্থসহায়তা ব্যয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ। তারা উপকূলে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ ও উপকূল উন্নয়ন বোর্ড গঠনের আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্লাইমেট অ্যাকশন ফোরাম, ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিআরডিএফ), সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ), পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা), মৃত্তিকা এবং সচেতন সংস্থা আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।
ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি আমিনুর রসুলের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও গবেষক মীর মোহাম্মদ আলী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, কাপের নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান-ইয়াত, পরিজার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল, সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভীন, ডিআরডিএফ’র মনোবিজ্ঞানী ও গবেষক তানজীম জামান, সাংবাদিক সমীরণ রায়, পিএসডিআই ফাউন্ডেশনের পরিচালক ইসহাক ফারুকী, বস্তিবাসী সুরক্ষা কমিটির সভাপতি হোসনে আরা বেগম রাফেজা প্রমুখ।
সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন ও ভূমিক্ষয়ের পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলীয় অঞ্চলের কৃষি, জীববৈচিত্র্য ও জনজীবন ক্রমেই বিপর্যস্ত হচ্ছে। নিরাপদ পানির সংকট, জীবিকার অনিশ্চয়তা ও বাস্তুচ্যুতির কারণে উপকূলের মানুষ শহরমুখী হতে বাধ্য হচ্ছে। দেশের বিশাল উপকূলীয় অঞ্চলকে পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই জলবায়ু সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করতে হবে। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় এ পর্যন্ত ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য জাতির সামনে প্রকাশের দাবি জানান তিনি।
শিক্ষক ও গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ জলবায়ু মোকাবেলায় বিশেষ বরাদ্দের প্রতিশ্রুতি পাওয়া গেছে। কিন্তু এ পর্যন্ত জলবায়ু অর্থের প্রায় ৬৭ শতাংশ এসেছে ঋণ হিসেবে। আবার যতটুকু অর্থ আসে, তা উপকূলের কোথায়, কোন প্রকল্পে খরচ হলো, সেই হিসাব উপকূলবাসীর কাছে নেই। উপকূলের জন্য আলাদা বরাদ্দ, অগ্রাধিকার তালিকা ও সময়সীমা কোনোটিই সুনির্দিষ্ট নয়; বাঁধ হয়, আবার ভাঙে। তাই আন্তর্জাতিক দরকষাকষির পাশাপাশি দেশের ভেতরে একটি সুনির্দিষ্ট, স্বচ্ছ ও জবাবদিহিমূলক উপকূলীয় কর্মপরিকল্পনা এখন সময়ের দাবি।
বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায়ের পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান নিখিল চন্দ্র ভদ্র। তিনি বলেন, শুধু আন্তর্জাতিক সম্মেলনের দিকে তাকিয়ে থাকলে হবে না। জলবায়ু সংকট মোকাবেলায় দেশের রাজনৈতিক দলগুলোকেও অভিন্ন অবস্থান নিতে হবে।
সভাপতির বক্তব্যে আমিনুর রসুল বলেন, বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। প্রকল্প গ্রহণে স্থানীয় মানুষের মতামত এবং বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সুন্দরবন সুরক্ষায় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি উপকূল উন্নয়ন বোর্ড গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
সমাবেশে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশের মধ্যে রয়েছে, আন্তর্জাতিক জলবায়ু অর্থ উপকূলের জন্য সংরক্ষণ করে জেলাভিত্তিক ও সময়াবদ্ধ বিনিয়োগ কর্মপরিকল্পনা প্রণয়ন ও প্রকাশ; ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীবান্ধব পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র স্থাপন।
এ ছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর পুনঃখনন ও পানি শোধনাগারের মাধ্যমে নিরাপদ সুপেয় পানি নিশ্চিত এবং জেলে, কৃষক, বনজীবী ও নারী উদ্যোক্তাদের জন্য জলবায়ু-সহনশীল জীবিকা ও প্রণোদনার ব্যবস্থা করার দাবি জানানো হয়। সুপারিশে সুন্দরবনসহ উপকূলীয় সবুজ বেষ্টনী রক্ষা, জলবায়ু অর্থের বরাদ্দ ও ব্যয়ের তথ্য উন্মুক্ত করা এবং ইউনিয়নভিত্তিক সামাজিক নিরীক্ষা চালুর কথা বলা হয়।
পাশাপাশি স্থানীয় সরকার ও সংগঠনের নেতৃত্বে অর্থ ব্যয়, পরিকল্পনায় নারী-তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং জলবায়ু বাস্তুচ্যুতদের আবাসন, জমি ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়। অভিযোজন এবং ক্ষয়ক্ষতির অর্থ অনুদান হিসেবে প্রদান এবং ক্ষয়ক্ষতি তহবিলে পর্যাপ্ত অর্থ বরাদ্দের সুপারিশও তুলে ধরা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৯টি মামলা রয়েছে। অপর একজন একটি মামলায় দণ্ডিত হয়ে সাজ ...
আনিছ আহমেদ (শেরপুর ) প্রতিনিধি: ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাকারবারের সাথে জড়িত থাক ...
অনিক রায়, ফরিদপুর অফিসঃ ফরিদপুর শহরের কোতোয়ালি থানার পাশে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, থানা সংলগ্ন পৌর মার্কেটের টিনের ছাদে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে পুলিশ ঘটনা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইলুহার ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাষ্টার আব্দুস সালাম (৬৩) এবং ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠন ...
সব মন্তব্য
No Comments