স্টাফ রিপোর্টার: তৈরি পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সর্বনিম্ন গ্রেডের বা গ্রেড-৪ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিয়েছেন।
দীর্ঘ বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শ্রমিকদের নতুন এই মজুরিকাঠামো কার্যকর হবে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন মজুরি বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি।
গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে চতুর্থ দিনের সভা অনুষ্ঠিত হয়। বেলা সোয়া তিনটায় শুরু হওয়া এই রুদ্ধশ্বাস বৈঠক শেষ হয় রাত দেড়টার দিকে। বৈঠকে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে দীর্ঘ দর-কষাকষির পর ভোটাভুটির মাধ্যমে এই মজুরি চূড়ান্ত হয়। রাত সোয়া দুইটার দিকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। পরে দিবাগত রাত সাড়ে তিনটায় প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।
বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের মধ্যে ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়। বাবুল আখতার আরও বলেন, ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, যে মজুরি ঘোষণা হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই। কিন্তু যেহেতু ঘোষণা হয়েছে, ইচ্ছা না থাকলেও আমাদের মেনে নিতে হবে। এর আগে পাঁচ বছর পর মজুরি বেড়েছিল ৪ হাজার ৫০০ টাকা। এবার তিন বছরে বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। সে কারণে সন্তুষ্ট না হলেও এটি একেবারে কম নয়।
সভায় দর-কষাকষিতে মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা থেকে চার দফায় বৃদ্ধি করে ১৭ হাজার টাকা করে। অন্যদিকে শ্রমিকপক্ষ ২২ হাজার থেকে চার দফায় কমিয়ে ১৯ হাজার টাকা প্রস্তাব করে। পরে মালিকপক্ষ তাদের প্রস্তাবে অনড় থাকলে শ্রমিকেরা ১৮ হাজার ৫০০ টাকা দাবি করে আবার সংশোধিত প্রস্তাব দেয়। মালিকপক্ষ তাদের প্রস্তাবে স্থির থাকলে শ্রমিকপক্ষ ১৮ হাজার দাবি করে। শেষ পর্যন্ত মালিক ও শ্রমিকপক্ষ নিজেদের প্রস্তাবে অনড় থাকলে বোর্ড চেয়ারম্যান ভোটাভুটির সিদ্ধান্ত নেন। রাত একটার পর এই ভোট হয়। এর আগে ১ নভেম্বর মজুরি বোর্ড গঠিত হয়, ৪ নভেম্বর প্রথম সভা হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা মজুরি প্রস্তাব করে। ২৩ নভেম্বর তৃতীয় সভায় মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করে।
জানা যায়, ন্যূনতম বা গ্রেড-৪-এ মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড-৩-এ মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে। গ্রেড-১ থেকে গ্রেড-৩ পর্যন্ত মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা গেছে। শুধু সর্বনিম্ন গ্রেডে ঐকমত্য না হওয়ায় শ্রম আইন অনুযায়ী গোপন ভোট নেওয়া হয়। গ্রেড-৪-এর শ্রমিকদের মধ্যে রয়েছেন সাধারণ হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিসটেন্ট। গ্রেড-৩-এ রয়েছেন জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারী। গ্রেড-২-এ রয়েছেন সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকার। গ্রেড-১-এ রয়েছেন সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটর।
বোর্ডের চেয়ারম্যান জানান, যেসব শ্রমিক ন্যূনতম মজুরির চাইতে ইতোমধ্যেই বেশি বেতন পান, সর্বসম্মতিক্রমে তাদের বেতন ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করার সিদ্ধান্ত হয়েছে। সক্ষমতার ভিত্তিতে কারখানাগুলো চাইলে এর বেশিও দিতে পারে। তিনি আরও বলেন, প্রথমবারের মতো মজুরি বোর্ড ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে পেরেছে। এটি একটি ঐতিহাসিক মাইলফলক। এ জন্য বুধবারও মজুরি বোর্ড বৈঠক করবে এবং শিগগিরই তা গেজেটের জন্য পাঠানো হবে।
মজুরি বোর্ডের সভার দিন গতকালও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সেগুনবাগিচায় বোর্ড কার্যালয়ের সামনে ৩০ থেকে ৩২ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কোথাও কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিক অসন্তোষের কারণে গতকাল গাজীপুরের ভোগরা বাইপাস, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে।
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে মজুরি বোর্ড গঠন করার পরও অনেকে আন্দোলন করেছেন। মজুরি ঘোষণার পরও কোনো সংগঠনের নামে আন্দোলন করা হলে তার দায় ওই সংগঠনকেই নিতে হবে। তিনি আরও জানান, আন্দোলনের সঙ্গে জড়িত শ্রমিক ছাঁটাই বন্ধ, গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার ও কাউকে হয়রানি না করতে মজুরি বোর্ড থেকে সরকারের কাছে সুপারিশ করা হবে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে।তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্য ...
স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে এবং তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে; এর ...
ডেস্ক:রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল নেপাল। এই উৎপত্তিস্থলের দূরত্ব ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জান ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সাহস, আত্মত্যাগ, শৃঙ্খলা ও পেশাদারত্বের অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী শুধু দেশে ...
সব মন্তব্য
No Comments