খুলনায় গুলিতে আওয়ামী লীগ নেতা হালিম শেখ নিহত

প্রকাশ : 25 Nov 2026
খুলনায় গুলিতে আওয়ামী লীগ নেতা হালিম শেখ নিহত

খুলনা অফিস: খুলনায় গুলিতে হালিম শেখ (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুর থানার কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।


নিহত আবদুল হালিম শেখ নগরীর দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি একই ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে। দৌলতপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। পাশাপাশি তিনি ঘের ব্যবসায়ী ও ঠিকাদার হিসেবেও পরিচিত ছিলেন।


ভুক্তভোগীর পরিবারের সদস্য ও পুলিশ জানায়, রাত ৮টার দিকে আবদুল হালিম দৌলতপুর কল্পতরু মার্কেটে গল্প করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী যুবক সেখানে প্রবেশ করে আবদুল হালিমকে লক্ষ্য করে গুলি করে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম জানিয়েছেন, কল্পতরু মার্কেটের পূর্ব পাশে সড়কের ওপর আবদুল হালিমকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।


তার মাথা, বুক ও পিঠে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে কাছে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আরও কয়েক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা চলে যায়। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।


কারা, কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।


খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় বলেছেন, আবদুল হালিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে। তিনি কক্সবাজারে গুলিতে নিহত খুলনার সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রাব্বানী টিপুর ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে। তার ঘেরের ব্যবসাও ছিল। এসব বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে।


ওসি মুরাদুল ইসলাম আরও জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি আবদুল হালিম নিষিদ্ধ চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা গাজী কামরুল ইসলামের ব্যবসা দেখাশোনা করতেন। সন্ত্রাসীদের গুলিতে নিহত কেসিসির সাবেক কাউন্সিলর টিপুর সঙ্গেও তার সুসম্পর্ক ছিল। এসবের সঙ্গে হত্যাকাণ্ডের সম্পৃক্ততা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।


এই ঘটনাসহ একই দিনে মহানগরীর পাঁচটি থানার পাঁচ স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে রাত ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে। এর মধ্যে রাত ৮টায় নগরীর দৌলতপুর কল্পতরু মার্কেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শেখ আবদুল হালিম নিহত হয়েছেন। অন্য ঘটনাগুলোয় কেউ হতাহত হয়নি।


এর আগে বেলা ১১টায় নগরীর সদর থানা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী সাইদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলে তিনি বেঁচে যান। দুপুরে লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে মো. টুটুল নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। গুলিতে ওই বাড়ির একটি কক্ষের জানালার কাঁচ ভেঙে গেছে। বিকেল ৩টা ১০ মিনিটে চাঁদার দাবিতে খুলনা নগরীর মজিদ সরণিতে অবস্থিত পালংকি রেস্টুরেন্টে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। সন্ধ্যা সাড়ে ৬টায় আড়ংঘাটা থানার শলুয়া স্লুইচগেট এলাকায় পানুর চায়ের দোকান লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা।


পৃথক এসব গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


খুলনা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ৪১টি হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৮টি হত্যা মামলা হয়েছে। মঙ্গলবারের ঘটনায় এখনো মামলা হয়নি। সব মিলিয়ে চলতি বছরের ২৪ নভেম্বর পর্যন্ত খুলনা নগরে ৪১টি ও জেলায় ৪০টিসহ মোট ৮১টি হত্যাকাণ্ড ঘটেছে।



সম্পর্কিত খবর

;