রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

প্রকাশ : 25 Nov 2026
রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বুখিনস্কি ইয়েভজেনি (৪৮) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত বুখিনস্কি ইয়েভজেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমটেক এনার্গোতে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটির ওই ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষে একাই থাকতেন বলে জানা গেছে।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে। গ্রিন সিটিতে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের বরাত দিয়ে ওসি জানান, সোমবার দীর্ঘ সময় ধরে ওই কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বাথরুমে ওই রুশ নাগরিকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।


তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যায়নি। ওসি আশাদুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রুশ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

;