আজ থেকে নিউইয়র্কে জাতিসংঘে বিশ্ব নেতাদের বৈঠক শুরু

প্রকাশ : 22 Sep 2026
আজ থেকে নিউইয়র্কে জাতিসংঘে বিশ্ব নেতাদের বৈঠক শুরু

রফিকুল ইসলাম সুজন: জাতিসংঘের ৮১তম অধিবেশনের হাই-লেভেল সাধারণ বিতর্ক আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে নিউইয়র্কে শুরু হচ্ছে। অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল ৮ সেপ্টেম্বর। সাধারণ বিতর্ক চলবে ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রতিপাদ্য "Restoring trust, managing transformation: A United Nations that delivers for all"। এবার অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।


জাতিসংঘ জানিয়েছে, এবার প্রায় ১৩০ জন রাষ্ট্র ও সরকারপ্রধান নিউইয়র্কে জড়ো হয়েছেন। আজ প্রথম বক্তা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, এরপরই বক্তব্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বৃহস্পতিবার বক্তব্য দেবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী, জাপানের প্রধানমন্ত্রী ও উপসাগরীয় নেতারাও উপস্থিত আছেন। চীনের প্রেসিডেন্ট এবার আসেননি, তিনি ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।


এবারের আলোচনার কেন্দ্রে রয়েছে ইরান যুদ্ধ, গাজা, ইয়েমেনে হুতি সংকট, ইউক্রেন যুদ্ধ ও কৃষ্ণ সাগরে খাদ্য নিরাপত্তা, সুদান, কঙ্গো, মিয়ানমার, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু ও জাতিসংঘের তহবিল সংকট। মার্কিন প্রেসিডেন্ট উপসাগরীয় নেতাদের সঙ্গে ইরান সংঘাত ও গাজার ভবিষ্যৎ নিয়ে সাইডলাইনে বৈঠক করবেন। জাতিসংঘ মহাসচিব জানিয়েছেন, ইয়েমেনে সামরিক সমাধান কঠিন এবং ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ভেটোতে নিরাপত্তা পরিষদে অচলাবস্থা রয়েছে।



বাংলাদেশ থেকে ৩৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সঙ্গে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। দলে আছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান যিনি অধিবেশনের সভাপতি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ প্রতিমন্ত্রীরা। প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা ও জলবায়ু বিষয়ক বৈঠক, ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং ২৫ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

সম্পর্কিত খবর

;