মস্কোর আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মাননা পেলেন সাংবাদিক গৌতম কুমার এদবর

প্রকাশ : 22 Nov 2026
মস্কোর আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মাননা পেলেন সাংবাদিক গৌতম কুমার এদবর

বিশেষ প্রতিনিধি, মস্কো: রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত ৫ম Rossotrudnichestvo ‘ Honest View’ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মাননা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সাংবাদিক, লেখক ও গণমাধ্যম সংগঠক গৌতম কুমার এদবর।


গৌতম কুমার এদবর ‘রূপসী বাংলা ৭১’-এর সম্পাদক এবং অনলাইন জার্নালিস্ট ইউনিটি (OJU)-এর সভাপতি। আন্তর্জাতিক গণমাধ্যম অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই সম্মাননা অর্জন দেশের সাংবাদিকতার জন্য গৌরবের বিষয়।


গত ১৯ নভেম্বর মস্কোর বালচুগ কেম্পিনস্কি হোটেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের প্রতিযোগিতায় ৮৫টি দেশ থেকে ৮০০-এর বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে প্রায় ১০০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী চূড়ান্ত পর্বে আমন্ত্রিত হন। 


এবারের আয়োজনে ৬টি ক্যাটাগরিতে মোট ৭০ লাখ রুবল পুরস্কার তহবিল ছিল। ২০২২ সাল থেকে Rossotrudnichestvo-এর উদ্যোগে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। বিদেশি সাংবাদিক, লেখক ও কনটেন্ট নির্মাতাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া ও আন্তর্জাতিক সংলাপে অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়। 


বাংলাদেশ থেকে আমন্ত্রিত পাঁচ সাংবাদিকের মধ্যে সেরা পুরস্কার অর্জন করেন ড. মো. আবদুল কাবিল খান। তিনি Daffodil International University-এর সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। ‘প্রফেশনাল পারসপেক্টিভ: জঁর জার্নালিজম’ ক্যাটাগরিতে তাঁর প্রামাণ্যচিত্র সিরিজ ‘গোল্ডেন ডেইজ’ সেরা নির্বাচিত হয়। 


সম্মাননা লাভ করেন বাংলাদেশের অন্য চার সাংবাদিকও। তাঁরা হলেন — গৌতম কুমার এদবর (রূপসী বাংলা ৭১), আবু সাঈদ নিশান (সময় টেলিভিশন), সঞ্জু রায় (দেশ টিভি) ও মাজহারুল ইসলাম (দ্য সাবটল টাইমস)। 


মস্কো সফরের অংশ হিসেবে বাংলাদেশি সাংবাদিকরা পাঁচ দিনের কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাঁরা রেড স্কয়ার, ভিডিএনএইচ প্রদর্শনী কেন্দ্র, দ্য স্টেট ট্রেটিয়াকভ গ্যালারি, মোসকিনো ফিল্ম পার্কসহ মস্কোর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন। 


বিশেষভাবে দ্য স্টেট ট্রেটিয়াকভ গ্যালারিতে বাংলাদেশের ওপর একটি তথ্যসমৃদ্ধ উপস্থাপনা তুলে ধরা হয়। এর মাধ্যমে উপস্থিত দর্শনার্থীরা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পান।


বাংলাদেশি সাংবাদিকদের মস্কো সফর, আবাসন ও যাতায়াতসহ সফরসংশ্লিষ্ট যাবতীয় ব্যয় আয়োজক রাশিয়ান কর্তৃপক্ষ বহন করে।


বাংলাদেশের শিক্ষা, প্রযুক্তি, শিল্প ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। উচ্চশিক্ষায় বৃত্তি, উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ এবং বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচির মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য সম্ভাবনার ক্ষেত্র তৈরি হচ্ছে।


এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে গৌতম কুমার এদবরসহ বাংলাদেশের সাংবাদিকদের সম্মাননা অর্জন দেশের গণমাধ্যমকে বিশ্বপরিসরে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় ও সাংবাদিকতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।


এ ধরনের আন্তর্জাতিক আয়োজন ও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করায় আয়োজক Rossotrudnichestvo, ঢাকায় রাশিয়ান দূতাবাস এবং রাশিয়ান কালচারাল সেন্টারের প্রতি বাংলাদেশি সাংবাদিকরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্পর্কিত খবর

;