জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : 22 Nov 2026
জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ১১টা ৬ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মেলার উদ্বোধন করেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।


ভিডিওচিত্রে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। ওই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।


দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা। পরে পুরস্কারপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন।


এ সময় এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার একটি বাঁধানো ছবি উপহার দেওয়া হয়।


উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নতুন এসএমই নীতির মাধ্যমে বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র ও রপ্তানি গেটওয়ে হিসেবে গড়ে তোলার কাজ চলছে। “জাতীয় এসএমই নীতি ২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে। এই নীতি বাস্তবায়নের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে সিএমএসএমই খাতের জিডিপিতে অবদান ৩৫ শতাংশে উন্নীত করা এবং ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে,” বলেন তিনি।


তিনি বলেন, সরকারের বৃহত্তর লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা। এ জন্য সিএমএসএমইকে দেশের উৎপাদন ব্যবস্থা, শিল্প সরবরাহ শৃঙ্খল এবং দেশীয় ও আন্তর্জাতিক ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত করা হবে। জাতীয় এসএমই নীতি ২০২৬ শিগগিরই মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।


প্রধানমন্ত্রী স্থানীয় এসএমই উদ্যোক্তাদের নতুন পণ্য তৈরি করে বৈশ্বিক বাজারের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশকে শুধু পোশাক খাতের ওপর নির্ভর না করে চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, কৃষি প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি বৈচিত্র্য আনতে হবে।


তিনি বলেন, এসএমইগুলো শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ থাকবে না, বরং বড় শিল্পের জন্য যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ সরবরাহকারী হিসেবে কাজ করবে এবং রপ্তানিমুখী উৎপাদন শৃঙ্খলে অংশ নেবে।


এসএমই খাতের প্রধান চ্যালেঞ্জ হিসেবে প্রধানমন্ত্রী অর্থায়নে সীমিত প্রবেশাধিকার, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের অভাব এবং পণ্য বিপণনে অসুবিধার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সরকার ঋণ সহজ করা, আধুনিক প্রশিক্ষণ দেওয়া এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রণোদনা দিতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ নিচ্ছে।


আগামী পাঁচ বছরে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্সে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়া “মেড ইন বাংলাদেশ” ও “ক্রিয়েটেড ইন বাংলাদেশ”-এর মতো শক্তিশালী জাতীয় ব্র্যান্ড গড়ে তোলা এবং উদ্যোক্তাদের ভৌগোলিক নির্দেশক (জিআই), ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা দেওয়ার কথা বলেন।


বিদেশে স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণে সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো বড় শহরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের চিন্তার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তুরস্কে জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এ বাংলাদেশের পাটজাত পণ্যের স্টলে বিদেশি দর্শনার্থীরা আগ্রহ দেখিয়েছেন এবং অর্ডার দিয়েছেন, তবে উদ্যোক্তারা তা গ্রহণ ও প্রক্রিয়াকরণে পর্যাপ্ত প্রস্তুত ছিলেন না। সরকার উদ্যোক্তা, ব্যাংক ও আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপনে কাজ করবে।


তিনি বলেন, এসএমই ফাউন্ডেশন দেশে ১৭৭টি সম্ভাব্য শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। “এক গ্রাম, এক পণ্য” ও সৃজনশীল অর্থনীতি কর্মসূচির মাধ্যমে এসব ক্লাস্টার উন্নয়নের পরিকল্পনা রয়েছে। পণ্যের ডিজাইন, গুণগত মান ও প্যাকেজিং উন্নত করতে জাতীয় সৃজনশীল ও ডিজাইন কেন্দ্র স্থাপন করা হবে।


তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, চাকরি খুঁজতে বছর নষ্ট না করে উদ্যোক্তা হয়ে চাকরি সৃষ্টিকারী হতে হবে। এসএমই ফাউন্ডেশনের “এসএমই সৃষ্টি” কর্মসূচির আওতায় প্রতি বছর ৬৪ জেলায় ১০০ জন করে উদ্যোক্তাকে সহায়তা দিয়ে চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা সৃষ্টির পরিকল্পনা রয়েছে।


তিনি নারীদের ব্যবসায় অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, নারীরা অর্থ, প্রযুক্তি, প্রশিক্ষণ, ব্যবসায়িক নেটওয়ার্ক ও বিতরণ চ্যানেলে প্রবেশে বাধার মুখে পড়েন। সরকার এসব বাধা দূর করতে পদক্ষেপ নেবে।


এবারের মেলায় সারাদেশের ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান এবং ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তা দ্বারা পরিচালিত।


মেলায় পাদুকা, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হারবাল পণ্য, জুয়েলারি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং সরকারের অগ্রাধিকারমূলক ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।


দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা এ মেলায় তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন। এতে বিদেশি বা আমদানিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।


সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরি এবং কর্মসংস্থান সম্প্রসারণে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।


শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এছাড়া এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


মেলায় প্রবেশে কোনো ফি লাগবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।


সম্পর্কিত খবর

;