দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম

প্রকাশ : 22 Nov 2026
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম

স্টাফ রিপোর্টার: দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। রোববার (২২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


প্রসিকিউটর গাজী তামিম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। এই তদন্ত সারাদেশব্যাপী এবং সময়সাপেক্ষ ব্যাপার, যা বাংলাদেশের ইতিহাসে হয়নি। কিছুদিন সময় লাগতে পারে।


সারা দেশে চলমান সহিংসতা ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই তদন্ত দেশব্যাপী হবে। এ জন্য তদন্ত শেষ হতে কিছুদিন সময় লাগতে পারে। তদন্ত শেষ হতে কত সময় লাগতে পারে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানান তিনি।


প্রসিকিউটর তামিম বলেন, ইতিমধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিচারের জন্য গঠিত অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই মামলায় দলটি সন্ত্রাসী সংগঠন কি না, সে বিষয়েও অভিযোগ আনা হয়েছিল। আসামিদের দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল সাজা দিয়েছেন। তার মতে, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে।


তিনি বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি অভিযোগ গঠন করা হয়েছিল। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলায় আসামিদের সাজা হয়েছে।


ওই রায়ের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।


অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। এনডিএমের প্রতিষ্ঠাতা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নির্বাচনের সময় তিনি এই দল ছেড়ে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিএনপি সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।


এরপর ২০২৫ সালের ৭ অক্টোবর তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে। তারা তদন্তকাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন। তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসেবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


দল অভিযুক্ত হলে বিচারে কী সাজা হবে, এমন প্রশ্নে তিনি বলেন, দলকে তো আর সাজা দেওয়া যাবে না। কী ধরনের সাজা দেওয়া যাবে, সেটা আইনে বলা আছে। যেমন- দলকে নিষিদ্ধ করা, সম্পদ জব্দ করা, নেতাকর্মীদের বিষয়ে নির্দেশনা জারি করা।


এরপর চলতি বছরের ৭ জুলাই চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সঙ্গে প্রাথমিক সংশ্লিষ্টতা আছে বলেই তদন্ত শুরু হয়েছে। আমাদের তদন্ত দল কাজ করছে। প্রাথমিক সংশ্লিষ্টতা তো আছেই। তদন্ত সম্পন্ন হওয়া সময়ের ব্যাপার।


প্রাথমিক সংশ্লিষ্টতার মধ্যে কী আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্যে দলগতভাবে তাদের সংশ্লিষ্টতা আছে। ব্যক্তিগত দায় আছে। সুপিরিয়র দায় আছে। এগুলো নিয়েই আমাদের তদন্ত এগোচ্ছে।


সম্পর্কিত খবর

;