স্টাফ রিপোর্টার: কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ নভেম্বর ২০২৬, সকাল ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের অন্যতম সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস ও সাধারণ সম্পাদক মালেকা বানু। কবির পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন কবিকন্যা, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল এবং ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার পূরবী তালুকদার। সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সংগঠন উপপরিষদের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফজিলা খাতুন লতা।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কবি সুফিয়া কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেত্রীবৃন্দ এবং ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে ২টি দলীয় গান পরিবেশন করেন বাংলাদেশ মহিলা পরিষদের কর্মকর্তাবৃন্দ। কবির রচনা থেকে পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদের প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপপরিষদ সদস্য সিরাজুম মুনিরা এবং জারিন তাসনিম চৌধুরী। একক গান পরিবেশন করেন সংগঠন উপপরিষদের সদস্য আফরা আনতারা এবং বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য পরমা সরকার।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জননী সাহসিকা কবি সুফিয়া কামালের অসামান্য জীবনদর্শন, আদর্শ এবং দেশ গঠনে তাঁর অসীম অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও তিনি নারী অধিকার, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। এছাড়া, বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় ও হানাহানি দূর করতে তাঁর আদর্শ অনুসরণ করার উপর বিশেষ জোর দেন বক্তারা। পাশাপাশি কবির রেখে যাওয়া আদর্শ ও সংগ্রামের চেতনাকে ধারণ করে একটি সমতাপূর্ণ সমাজ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, প্রয়াণের ২৭ বছর পরও কবি সুফিয়া কামাল আমাদের মাঝে সাহস, ভরসা ও প্রেরণার উৎস হয়ে আছেন। তিনি আজীবন সামাজিক কুসংস্কার, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। গণতন্ত্র, ভাষার অধিকার, নারী অধিকার ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রজন্মের নারী অধিকারকর্মী, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর স্বপ্ন ছিল ধর্ম, বর্ণ ও নারী-পুরুষের বৈষম্যহীন একটি সাম্যভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠা। তাঁর রেখে যাওয়া আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে পরবর্তী প্রজন্মকে সাহস ও দৃঢ়তার সঙ্গে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান।
বাংলাদেশ মহিলা পরিষদের অন্যতম সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস বলেন, কবির জন্ম ও প্রয়াণ দিবসকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে সকলের একত্রিত হওয়ার মধ্য দিয়ে নতুন করে তাঁর আদর্শে অনুপ্রাণিত হওয়ার, তাঁর দেখানো পথে চলার এবং নিজেদের নতুন করে শপথ নেওয়ার একটি সুযোগ তৈরি হয়। এ ধরনের আয়োজনের একটি বিশেষ প্রয়োজনীয়তা হলো যতবার একত্রিত হয়ে তাঁর আদর্শ ধারণের অঙ্গীকার করা হবে, ততবারই সমাজের প্রতিকূল পরিবেশ মোকাবিলা করার জন্য নতুন শক্তি ও সাহস অর্জন করার সুযোগ তৈরি হবে। আজকের এই প্রতিকূল সময়ে প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে লড়াই করে সামনে এগিয়ে যেতে হয়, সেই শিক্ষা তাঁর জীবন থেকেই পেতে পারি।
কবিকন্যা, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল সমাজের সামগ্রিক কল্যাণে সংঘবদ্ধভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি সুফিয়া কামালের সাহিত্যসাধনা, নারী জাগরণ এবং বিভিন্ন সামাজিক আন্দোলনে তাঁর অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে বলেন, তিনি সবসময় সবাইকে সঙ্গে নিয়ে পথ চলার নীতিতে বিশ্বাস করতেন। বর্তমান সমাজের ক্রমবর্ধমান বিভাজন, অসহিষ্ণুতা এবং নৈতিক অবক্ষয় মোকাবিলায় মানুষ গড়ার মানসিকতা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি দেশের তরুণ প্রজন্ম ও মানবাধিকার রক্ষার স্বার্থে নারীর অধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার পূরবী তালুকদার বলেন, সুফিয়া কামালকে আমরা কোনোদিনই ভুলতে পারব না। তাঁর সাহিত্য, কর্ম ও আদর্শের মধ্য দিয়ে তিনি সবসময় আমাদের স্মরণে থাকবেন। তাঁকে শুধু কবি হিসেবে জানলেই হবে না; তাঁর জীবন, সমাজের প্রতি দায়বদ্ধতা, মানবিকতা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান সম্পর্কেও জানতে হবে। তাঁর কাজ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, যেন ভবিষ্যৎ প্রজন্মও তাঁকে যথাযথভাবে জানতে পারে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, কবি সুফিয়া কামাল ছিলেন এমন এক আলোকবর্তিকা, যাঁর জীবন ও আদর্শ তাঁর সময়কে ছাড়িয়ে পরবর্তী প্রজন্মকেও আলোকিত করেছে। বর্তমান সময়ে অন্যায়, অসহিষ্ণুতা, বিদ্বেষ ও মুক্তচিন্তার সংকট মোকাবিলায় তাঁর মতো সাহসী ও বিবেকবান মানুষের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভূত হচ্ছে। তিনি বলেন, কবি সুফিয়া কামাল সাংস্কৃতিক আন্দোলন ও মানুষের চিত্তের বিকাশকে বিশেষ গুরুত্ব দিতেন। শিক্ষা ও জ্ঞানচর্চা শুধু পেশাগত সাফল্যের জন্য নয়, বরং মানুষের মনন ও মানবিকতা বিকাশের জন্য প্রয়োজন, এই শিক্ষা সকলকে ধারণ করার তাগিদ দেন। নতুন প্রজন্মকে সঠিক নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে তাঁর আদর্শ অনুসরণ জরুরি। মানুষের দুঃখ-কষ্টের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে, কান্নার সঙ্গে কান্না ও হাসির সঙ্গে হাসি মিলিয়ে মানুষের পাশে দাঁড়ানোই ছিল কবি সুফিয়া কামালের কাছ থেকে পাওয়া অন্যতম বড় শিক্ষা।
উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটি, ঢাকাস্থ জাতীয় পরিষদ সদস্য, ঢাকা মহানগর কমিটির নেত্রীবৃন্দ; বিভিন্ন উপপরিষদের সদস্য, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুফিয়া কামালের কর্মজীবনের উপর নির্মিত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণে জননী সাহসিকা কবি সুফিয়া কামাল’ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলা সাহিত্যের বরপুত্র, নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ শুক্রবার। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে এই প্রথম , ভিক্ষুক, অসহায়, দরিদ্র মুসাফির ও পথচারীদের মুখে ভালো মানের খাবার তুলে দিতে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন পেশার ৫২ জন মানুষের সম্মিলিত উদ্যোগে পঞ্চগড় জেলা শহরে চালু ...
স্টাফ রিপোর্টার: প্রায় তিন সপ্তাহ এগিয়ে আসছে অমর একুশে বইমেলা। ফেব্রুয়ারির পরিবর্তে আগামী বছর ২০২৭ সালের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি। মাসব্যাপী এই মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।রোববার (১৮ অক্টোবর) বা ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল: বাংলাদেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের সংরক্ষণ, প্রসার এবং এ শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা-২০২৬। মৃ ...
সব মন্তব্য
No Comments