২০ রোজার মধ্যে ঈদ বোনাস ও বকেয়া সকল পাওনা এবং মার্চ মাসের পূর্ণ বেতন পরিশোধ করতে হবে
স্টাফ রিপোর্টার: অবিলম্বে ২০ রোজার মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ বোনাস এবং ঈদের ছুটির আগে মার্চ মাসের বেতন পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আজ ১৪ মার্চ ২০২৫, শুক্রবার, সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানান।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহ-সভাপতি শ্রমিকনেতা জলি তালুকদার, সহ-সভাপতি জিয়াউল কবির খোকন, সম্পাদকমন্ডলির সদস্য দুলাল সাহা, আব্দুস সালাম বাবুল, আজিজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শাহিন আলম প্রমুখ।
সমাবেশে সংগঠনের সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষ বলেন বলেন, শ্রমিকের সীমাহীন আত্মত্যাগ ও জীবনদানের মধ্যদিয়ে দেশে যে গণ-অভ্যুত্থান হয়েছে তার সুফল থেকে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, মজুরি বৃদ্ধির দাবি করে গত ২০২৩ সালের অক্টোবর মাসে পতিত স্বৈরাচারের গুলিতে চারজন শ্রমিকনেতা প্রাণ হারিয়েছেন। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শতাধিক গার্মেন্ট শ্রমিক জীবন উৎসর্গ করেছেন। গণ-অভ্যুত্থানের পরেও ন্যায্য দাবি উত্থাপন করে এখন পর্যন্ত দুইজন শ্রমিক রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। তিনি আরও বলেন, বাজারদরের সঙ্গে সংঙ্গতিপূর্ণ হারে শ্রমিকের মজুরি বৃদ্ধি না করা সঠিক সময়ে শ্রমিকের বেতন, ঈদ বোনাস প্রদান না করা হবে গণ-অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা।
সমাবেশে মন্টু ঘোষ আরও বলেন, শ্রমিকরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দিকে অনেক আশা-আকাঙ্খা নিয়ে তাকিয়ে আছে। আমরা সরকারের সিদ্ধান্ত ও পদক্ষেপে শ্রমিকের প্রত্যাশার প্রতিফলন দেখতে চাই। আমরা আশা করি, শ্রমিকদের সাথে অতীতের ন্যায় কোনো প্রহসন সংঘটিত হবে না।
সমাবেশে সংগঠনের সহ-সভাপতি শ্রমিকনেতা জলি তালুকদার বলেন, শ্রমিকের জীবনের সংকটকে আড়াল করে রাখার কোনো সংক্ষিপ্ত পথ নাই। শ্রমিকের দাবির মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খোঁজা পুরাতন স্বৈরাচারী অপকৌশল। সরকারকে দায়িত্ববোধ থেকে শ্রমিকের সমস্যার সুরাহা করতে হবে। শ্রমিকরাও দায়িত্বশীলতার সাথে সকল দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী চক্রান্ত মোকাবিলা করবে। সরকার টিসিবির কার্ড বিতরণের কথা বলছে। অতীতেও আমরা দেখেছি কারখানাভিত্তিক রেশন ব্যবস্থা চালুর কথা বলা হলেও কোনো কার্যকর উদ্যোগ গৃহীত হয়নি। তিনি অবিলম্বে কারখানাভিত্তিক রেশন ব্যবস্থা চালুর দাবি জানান। সমাবেশ থেকে তিনি ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা শিশু আছিয়াসহ সকল হত্যার বিচার এবং কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সাদেকুর রহমান শামীম বলেন, গাজীপুর ছাড়াও আশুলিয়া, নারায়ণগঞ্জ, উত্তরার বিভিন্ন কারখানায় শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে। কোনো কোনো কারখানায় তিন-চার মাসের বেতনও বকেয়া রয়েছে। উপরন্তু মালিকপক্ষ অযথা মিথ্যা কারণ দেখিয়ে শ্রমিকদের ছাঁটাই করে চলছে। কোনো রকম পাওনা পরিশোধ করছে না। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলো সক্রিয় কোনো উদ্যোগ নিচ্ছে না।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন গত বছর শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫,০০০ টাকা দাবি করা হলেও তা নির্ধারণ করা হয় মাত্র ১২,৫০০ টাকা। কিন্তু এখনো অনেক কারখানা এই মজুরিও দিচ্ছে না। বিভিন্ন কারখানায় শ্রমিক ছাঁটাই অব্যাহত রয়েছে। মালিকপক্ষ লোকসানে থাকার অজুহাত দেখিয়ে শ্রমিকদের পাওনা পরিশোধ করছে না। নেতৃবৃন্দ প্রশ্ন রাখেন, অর্ডার কম থাকায় যদি মালিকরা লোকসানেই থাকবেন, তাহলে কেন শ্রমিকদের দিয়ে দিন-রাত ওভারটাইম করানো হচ্ছে। টার্গেটের নামে এত বাড়তি উৎপাদনের চাপ কেন শ্রমিকদের দেয়া হচ্ছে।
সরকার ইতিমধ্যে ২০ রমজানের মধ্যে শ্রমিকের সকল বকেয়া বেতন, পূর্ণ বোনাস এবং ঈদের আগে শ্রমিক ছাঁটাই-বরখাস্ত না করার জন্য গার্মেন্ট মালিকদের নির্দেশ দিয়েছেন। সমাবেশ থেকে নেতৃবৃন্দ সরকারের এই সিদ্ধান্তের পূর্ণ বাস্তবায়নসহ ঈদের আগে শ্রমিকদের মার্চ মাসের পূর্র্ণ বেতন পরিশোধ করার দাবি জানান। শ্রমিক সমাবেশ শেষে একটি মিছিল কদমফুল ফোয়ারা ঘুরে তোপখানা সড়ক হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
স্টাফ রিপোর্টা: রাজধানী ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নাগরিকদের সামনে তুলে ধরা এবং নগরের প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘ঢাকা হেরিটেজ রান’। ঢাকা দক্ষিণ সিটি ...
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যে সমুদ্রবন্দর ও উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন ...
স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে একদল সেনাসদস্যের হামলায় নিহত হন। একই ঘটনায় তাঁর পরিবারের অধিকাংশ ...
সব মন্তব্য
No Comments